সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৯ অক্টোবর, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

ভোটের আগে মুঠোফোন নজরদারির নতুন ব্যবস্থা

নির্বাচনের আগে মুঠোফোনে নজরদারির নতুন ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। এ ব্যবস্থায় কোন মুঠোফোন ব্যবহারকারী কোথায় অবস্থান করছেন, তার সুনির্দিষ্ট তথ্য পাবে পুলিশ ও গোয়েন্দা সংস্থা। এটি স্থাপন করতে মোবাইল অপারেটরদের ব্যয় হবে প্রায় ২০০ কোটি টাকা। মুঠোফোন ব্যবহারকারীদের ওপর নজরদারির ব্যবস্থা এখনো আছে। এ ব্যবস্থায় একটি মুঠোফোন নম্বর ব্যবহারকারী কোন এলাকায় রয়েছেন, তা জানা যায়। তবে সুনির্দিষ্ট অবস্থান জানা যায় না। নতুন ব্যবস্থা হবে আরও সুনির্দিষ্ট।
বিস্তারিত পড়ুন...

২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা বিএনপির

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করেন। ঢাকা, ১৮ অক্টোবর

বিএনপি ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। বুধবার নয়াপল্টনে আয়োজিত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘২৮ অক্টোবরের মহাসমাবেশের মধ্য দিয়ে মহাযাত্রা শুরু হবে। সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না। অনেক বাধা আসবে, বিপত্তি আসবে। সব বাধাবিপত্তি উপেক্ষা করে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ছুটে যেতে হবে।’ বিস্তারিত পড়ুন...

মন্ত্রীর সমালোচনা করা নদী কমিশনের চেয়ারম্যান মনজুরকে সরিয়ে দেওয়া হলো

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী

মেয়াদ শেষ হওয়ার আগেই জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরীকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সরকার। বুধবার তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ জনস্বার্থে বাতিল করা হলো। বিস্তারিত পড়ুন...

ইসরায়েল নয়, অন্য পক্ষ গাজার হাসপাতালে হামলা চালিয়েছে: বাইডেন

ইসরায়েল–হামাসের সংঘাতের মধ্যেই ইসরায়েলের প্রতি সংহতি জানাতে আজ বুধবার তেল আবিব গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

তেল আবিবে পৌঁছেই হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের প্রতি সমর্থনের কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার তিনি ইসরায়েলের তেল আবিব শহরে পৌঁছান। ইসরায়েলের প্রতি সংহতি প্রকাশ করতেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এ সফর। পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যেই তিনি গণমাধ্যমের মুখোমুখি হন। এ সময় পাশে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট গাজায় হাসপাতালে হামলা চালানোর জন্য ফিলিস্তিনি ‘সন্ত্রাসীদের’ দায়ী করেন। তিনি বলেন, হামাস ‘শুধু দুর্ভোগই’ নিয়ে এসেছে। বিস্তারিত পড়ুন...

‘সাকিব দুর্দান্ত ক্রিকেটার হলেও আমাদের কিছু আসে–যায় না’

অনুশীলনে সাকিব আল হাসান

ভারতের বিপক্ষে আগামীকাল সাকিব আল হাসান কি খেলবেন? উত্তরটা ইতিবাচক হওয়ার সম্ভাবনাই বেশি। পুনেতে গতকাল ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব। অনুশীলনে সাকিবের ব্যাটিং করতে সমস্যাও হয়নি খুব একটা। যদিও তাঁর খেলা এখনো নিশ্চিত নয়। ম্যাচের আগে আরেকটি অনুশীলন সেশন দেখেই সাকিবের খেলা না–খেলার সিদ্ধান্ত হবে। বিস্তারিত পড়ুন...