
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় বিচারহীনতার কারণে পরিবহন মালিক-শ্রমিকেরা ‘দানবে’ পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ভাইস চেয়ারম্যান মঞ্জুলী কাজী। তিনি বলেন, পরিবহন মালিক-শ্রমিকদের বেপরোয়া ভাব রয়েছে। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সুষ্ঠু বিচার হলে তাঁদের দম্ভ কমবে।
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে মঞ্জুলী কাজী এসব কথা বলেন। নিসচার ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সড়ক দুর্ঘটনায় নিহত মিশুক মুনীরের স্ত্রী মঞ্জুলী কাজী। মিশুক মুনীর এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনায় মারা যান তারেক মাসুদ, মিশুক মুনীরসহ পাঁচজন।
মঞ্জুলী কাজী বলেন, পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে সড়ক দুর্ঘটনা নিয়ে উদাসীনতা রয়েছে। যে পরিবারের কর্মক্ষম ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা যান, তাদের নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের অনেকেই দরিদ্র। তাঁদের আইনি সহায়তা দেওয়া প্রয়োজন। সুবিচার নিশ্চিত করা গেলেই পরিবহন খাতে শৃঙ্খলা ফিরবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, সড়কের ত্রুটি, চালক-পথচারীদের আচরণগত সমস্যা, এনফোর্সমেন্ট দুর্বলতাসহ নানা কারণে দুর্ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনার অধিকাংশ মামলায় সাক্ষীর অভাবে বিচার হয় না। সড়ক পরিবহন আইনের বিধিমালা প্রায় প্রস্তুত। যেকোনো সময় প্রজ্ঞাপন হবে। শুধু জরিমানা করে সড়কের পরিস্থিতি বদলানো যাবে না।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক (এনফোর্সমেন্ট) মইনউদ্দিন আহমদ বলেন, সরকারের নেওয়া সর্বজনীন বিমা কার্যক্রমে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি যুক্ত করা প্রয়োজন। সড়কে অনাকাঙ্ক্ষিত মৃত্যু কমাতে বিআরটিএ কাজ করছে। তবে বিআরটিএর সক্ষমতা বাড়াতে হবে।
সভাপতির বক্তব্যে নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, নিরাপদ সড়ক নিয়ে সোচ্চার গোষ্ঠী ও পরিবহন মালিক-শ্রমিক কেউ কারও প্রতিপক্ষ না। তাঁরা কারও বিরোধিতার জন্য পথে নামেননি। সড়ক নিরাপদ হোক, এটাই তাঁদের দাবি।
নিসচার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবার শীতার্ত ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ, বিনা মূল্যে চক্ষু ক্যাম্প পরিচালনা, ১০টি গৃহহীন পরিবারকে ঘর প্রদান, সেলাই মেশিন বিতরণ ও সারা দেশে ৩০০ পরিবারের মধ্যে ছাগল বিতরণ করা হচ্ছে।
মানিকগঞ্জের হরিরামপুরের বাসিন্দা আয়নাল ব্যাপারী গত জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় আহত হন। দুর্ঘটনায় আয়নালের মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়। অনুষ্ঠানে আয়নালের ছেলে আবদুল্লাহ আল মামুনের কাছে সহায়তা হিসেবে ছাগল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে মামুন বলেন, ‘বাবা কৃষিকাজ করতেন। সড়ক দুর্ঘটনায় তিনি আহত হওয়ার পর আমাদের পরিবার অর্থকষ্টে আছে।’
অনুষ্ঠানে নিসচার পক্ষ থেকে জানানো হয়, নিরাপদ সড়ক নিয়ে কাজ করা সংগঠনগুলো সড়ক দুর্ঘটনা কমাতে ১১১টি সুপারিশ দিয়েছিল। এসব সুপারিশের পরিণতি জানা যায়নি। চার বছরেও সড়ক পরিবহন আইনের বিধিমালা চূড়ান্ত হয়নি। আইনটি একপ্রকার অকার্যকর হয়ে আছে।