
দেশের ১২টি জেলার সদর উপেজলার ও ৩৯টি উপজেলা হাসপাতালে আজ বৃহস্পতিবার থেকে চেম্বারে শুরু দেখা শুরু করেছেন চিকিৎসকেরা। আজ বেলা তিনটায় সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে কাজের পর সরকারি চিকিৎসকেরা বিকেল তিনটে থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রোগী দেখবেন। এর জন্য তাঁরা নির্দিষ্ট পরিমাণে ফি নেবেন।
স্বাস্থ্যমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের বলেন, একটি দিশারী প্রকল্পের আওতায় এই ইনস্টিটিউশনাল প্রাকটিস শুরু হয়েছে। সাংবাদিকেরা জানতে চান, কবে নাগাদ দিশারী প্রকল্প শেষ হবে এবং কোন বৈশিষ্টে৵র ভিত্তিতে এই প্রকল্পে ১২টি জেলা ও ৩৯টি উপজেলা নির্বাচন করা হয়েছে?
এই প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইনস্টিটিউশনাল প্রাকটিসের জন্য সরকার একটি নীতিমালা তৈরি করেছে। যেসব হাসপাতাল সেই নীতিমালা অনুসরণ করে প্রস্তুত হতে পেরেছে, তারাই কাজ শুরু করেছে। আশা করা যায়, এ বছরের মধ্যে সরকারি সব হাসপাতালে ইনস্টিটিউশনাল প্রাকটিস শুরু হবে।
অনুষ্ঠানের সঙ্গে জুমে যুক্ত ছিলেন বিভিন্ন জেলা ও উপজেলা কর্মকর্তারা। বেশ কয়েকটি সরকারি হাসপাতালের পরিচালক ও তত্ত্বাবধায়ক তাদের প্রস্তুতির কথা মন্ত্রীকে শোনান। অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব এবং স্বাস্থ্যসেবা অধিদপ্তর ও স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রীসহ বাকি চারজনের নিজের জেলা বা উপজেলা হাসপাতালে আজ থেকে ইনস্টিটিউশনাল প্রাকটিস শুরু হয়েছে।