
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে আগামীকাল সোমবার সংহতি সমাবেশ ও গণমিছিল করবে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ময়মনসিংহের টাউন হলে আগামীকাল বেলা সাড়ে তিনটায় এ সমাবেশ হবে। ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন’–এর যুগ্ম সমন্বয়কারী মানবাধিকার ও সামাজিক আন্দোলনের কর্মী জাকির হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খায়রুল ইসলাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
এক যুক্ত বিবৃতিতে ওই দুই সমন্বয়কারী জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে গড়ে ওঠা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের আয়োজনে এটি তৃতীয় বিভাগীয় সমাবেশ। এর আগে চলতি বছরের ২০ মার্চ রংপুরে এবং ৩১ জানুয়ারি একই দাবিতে সমাবেশ হয় চট্টগ্রামে।
বিবৃতিদাতারা জানান, আগামীকালের গণমিছিল ও সংহতি সমাবেশে সভাপতিত্ব করবেন এমদাদুল হক মিল্লাত। সমাবেশে উপস্থিত থেকে সংহতি বক্তব্য দেবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, বেসরকারি সংগঠন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, বাংলাদেশ আদিবাসী ফোরামের সহসভাপতি অজয় এ মৃ প্রমুখ।
এ ছাড়া উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা, বুদ্ধিজীবী, ছাত্রনেতা ও সুধীজন।