স্পেন ও যুক্তরাজ্য সফরের উদ্দেশে যাত্রা করলেন সেনাপ্রধান

 সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ
 ছবি: আইএসপিআর

এক সপ্তাহের সরকারি সফরে দেশ ছেড়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় তিনি স্পেন ও যুক্তরাজ্য সফর করবেন। আজ শনিবার স্পেনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৪ জুলাই) থেকে মঙ্গলবার (২৬ জুলাই) পর্যন্ত স্পেনে অবস্থান করবেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সফরে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সদ্য ক্রয়কৃত দ্বিতীয় এয়ারবাস সিএএসএ সি২৯৫ডব্লিউ হস্তান্তরের জন্য চূড়ান্ত প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করবেন। এয়ার ক্রুদের প্রশিক্ষণ পর্যবেক্ষণের উদ্দেশ্যে এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস কারখানাও পরিদর্শন করবেন সেনাপ্রধান।

সফরে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক বাহিনীর জন্য ট্যাঙ্কবিধ্বংসী অস্ত্র আলকোতানের উপযুক্ততা পর্যালোচনার লক্ষ্যে ইন্সটালাজা নামের প্রতিষ্ঠান পরিদর্শন করবেন শফিউদ্দিন আহমেদ। এ সময় স্পেনের সেনাবাহিনীর প্রধান জেনারেল আমাদর ফার্নান্দো ইনসেনাত ওয়াই বিরিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে সেনাপ্রধানের।

সফরের দ্বিতীয় অংশে আগামী বৃহস্পতিবার যুক্তরাজ্যে যাবেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে ২২তম কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ৩১ জুলাই পর্যন্ত সরকারি সফরে যুক্তরাজ্যে অবস্থানের পর আগামী ২ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে তাঁর।

কমনওয়েলথ গেমস-২০২২–এ বাংলাদেশের ৫০ সদস্যের প্রতিনিধিদল বিভিন্ন প্রতিযোগিতা ও অফিশিয়াল হিসেবে অংশগ্রহণ করবে। সেনাপ্রধান বিভিন্ন ইভেন্টে উপস্থিত থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীদের উৎসাহ প্রদান করবেন।