নগর-প্রকৃতি

পুষ্পবান্ধব শহরের স্বপ্ন

প্রবীণাঙ্গনে ফুটেছে মেক্সিকান ফ্লেম। সম্প্রতি মৌলভীবাজার শহরে
ছবি: লেখক

মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান ফোনে জানালেন, শহরটিকে তাঁরা ফুলগাছ দিয়ে সাজিয়ে তুলেছেন। বহু ফুলগাছ তাঁরা এরই মধ্যে লাগিয়েছেন। সামনে আরও লাগাবেন। তাঁর স্বপ্ন, অচিরেই শহরটি ফুলগাছের বড় একটা উদ্যানের মতো হয়ে উঠবে।

মেয়র ফজলুর রহমান তাঁদের কর্মযজ্ঞ দেখে আসার আমন্ত্রণ জানালেন। এমন আন্তরিক কণ্ঠে বললেন, উপেক্ষা করা গেল না। একদিন রওনা দিয়ে পৌঁছাতে প্রায় দুপুর হয়ে এল। পৌর প্রাঙ্গণে পৌঁছাতেই অভ্যর্থনা জানালেন মেয়র। দেখা হলো এই অনন্য উদ্যোগের নেপথ্য কুশীলবদের সঙ্গেও।

এসেছেন সাংবাদিক ও নিসর্গপ্রেমী আকমল হোসেন, বৃক্ষসখা নূরুর রহমান ও জসীম উদ্দিন মাসুদ। তাঁদের সবার মিলিত উদ্যোগে মৌলভীবাজার শহর পুষ্পময় হয়ে উঠছে।

এবার গাছ দেখার পালা। সিঁড়ি বেয়ে নিচে নেমেই ভবন লাগোয়া দুটি স্বর্ণচাঁপাগাছ দেখে চমত্কৃত হলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের ছোট দলটি আরও বড় হলো। পৌর প্রাঙ্গণের পুকুরপাড়টি বেশ সুসজ্জিত। সেখানে থরে থরে সাজানো আছে নানা জাতের গাছ। কোনো কোনো গাছে ফুল ফুটেছে। কোনো কোনো গাছে চলছে ফুল ফোটার জন্য উসখুস। আছে নতুন জাতের মান্দার, কাঞ্চন, সুলতানচাঁপা, স্কারলেট কর্ডিয়া, করবী, বাগানবিলাস, অর্কিড কাঞ্চন, জেট্রফা, ডম্বিয়া। আরও যে কত কী! নানা মৌসুমি ফুলের ভিড়ে সূর্যমুখীর আলোয় ঝলমল করছে চারপাশ।

ফজলুর রহমানরা ভাবছেন, লাগোয়া শহীদ মিনার প্রাঙ্গণটি আরও আকর্ষণীয় করবেন। সারা বছরই যেন কোনো না কোনো ফুলের সমারোহ থাকে, তা নিয়ে নতুনভাবে পরিকল্পনা চলছে। এ নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শও নিয়েছেন তাঁরা।

প্রসঙ্গত জানিয়ে রাখি, এখানে স্কারলেট কর্ডিয়ার একটি গাছ দেখতে পেলাম। এ রকম সবচেয়ে পুরোনো দুটি গাছ আছে ঢাকার টেনিস কমপ্লেক্স প্রাঙ্গণে।

আমরা চলে এলাম প্রবীণাঙ্গনে। শহরের প্রবীণ নাগরিকদের এটি মিলনস্থল। খুবই ব্যতিক্রমী উদ্যোগ। দেশের সব শহরেই যদি প্রবীণদের জন্য এমন আয়োজন থাকত!

এখানকার সীমানাপ্রাচীরে লাগানো হয়েছে মেক্সিকান ফ্লেম আর সোনাঝুরিলতা। সীমানাপ্রাচীরের প্রবেশপথেই চোখে পড়ল চোখধাঁধানো ফুলের গাছ দুটি। মূল অবকাঠামোর চারপাশে বেশ কিছু গাছ দেখা গেল। লালপাতা বা পয়েনসেটিয়া আর গোলাপ আলো করে রেখেছে চত্বরটা। আরও চোখে পড়ল হাসনাহেনা, স্থলপদ্ম, বকুল, জ্যাকারান্ডা, ছাতিম, বাসরলতা, অশোক, অস্ট্রেলিয়ান টগর, রাজঘণ্টা, গোল্ডেন ট্রাম্পেট, গোল্ডেন পেন্ডা, সোনাপাতি, ক্যাশিয়া, নাগলিঙ্গম, পার্সিয়ান জুঁই, পাখিফুল, ব্রায়া, বিচিত্র শিমুল, রাজ অশোক, রুদ্রপলাশ, লাল কদম, লাল কাঞ্চনসহ আরও অনেক ফুলের গাছ।

ফুলগাছ দেখে আমরা চা-পর্বে যোগ দিই। চায়ে চুমুক দিতে দিতে মেয়র ফজলুর রহমান জানালেন প্রবীণাঙ্গন নিয়ে তাঁর ভাবনার কথা।

আমাদের শেষ গন্তব্য মনু নদীর পাড়। সেদিকে ছুটল গাড়ি। সূর্য ততক্ষণে হেলে পড়েছে। সেতুর প্রান্ত থেকে ৮০০ মিটার দীর্ঘ এই বিনোদন পরিসরটি নাগরিকদের জন্য উন্মুক্ত থাকবে। শেষ মুহূর্তের কিছু কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। কিছুদিনের মধ্যেই জায়গাটি বৃক্ষায়ণের জন্য প্রস্তুত হবে। স্থানটি ঘিরে সবার মধ্যে বিপুল উদ্দীপনা। এই বিনোদনকেন্দ্রের মধ্য দিয়ে শহরবাসী নতুন এক পুষ্পবান্ধব ধারণার সঙ্গে যুক্ত হবেন।

দিন শেষে নিবেদিতপ্রাণ এই বৃক্ষপ্রেমীরা সবাই একই কথা বললেন। মৌলভীবাজার শহরকে তাঁরা ফুলেল শহর হিসেবে গড়ে তুলতে চান। সে সৌন্দর্য রচনা করা হবে দেশি-বিদেশি নানা জাতের ফুলে। তবে প্রাধান্য পাবে দেশি ও স্থানীয় জাতের ফুলগুলো। এর মধ্যে দুর্লভ ফুলগাছ যেমন থাকবে, তেমনি থাকবে জেলার ঐতিহ্যবাহী নিজস্ব গাছগুলোও।

আশা করি, তাঁদের স্বপ্নের মৌলভীবাজার অচিরেই দেশের অনুপম একটি স্থান হয়ে উঠবে।

  • মোকারম হোসেন, প্রকৃতি ও পরিবেশবিষয়ক লেখক