
প্রান্তিক চরবাসীদের জীবনসংগ্রাম দেখে মুগ্ধ হয়েছেন লুক্সেমবার্গের উন্নয়ন সহযোগিতা এবং মানবিক সহায়তা মন্ত্রী ফ্রাঞ্জ ফায়োট। সম্প্রতি লুক্সেমবার্গের ১১ সদস্যের প্রতিনিধিদল কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার যমুনা-ব্রহ্মপুত্রের চর সফর করেন। এ সময় তাঁরা প্রাকৃতিক প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে চরবাসীদের জীবনযাত্রা দেখে মুগ্ধতা প্রকাশ করেন।
সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের আমন্ত্রণে লুক্সেমবার্গ মন্ত্রণালয়ের প্রতিনিধিদলটি কুড়িগ্রামের চিলমারীর গয়নারপটল চর ও গাইবান্ধার বাটিকামারি চর সফর করেন। প্রতিনিধিদলটি দুই দিনের সফরে চর এলাকার পরিবেশ ও চরের বাসিন্দাদের জীবনযাত্রা পর্যবেক্ষণ করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ বছর ধরে এসব এলাকায় চরের বাসিন্দাদের জীবনমান উন্নয়নে কাজ করছে ফ্রেন্ডশিপ। এই প্রকল্পগুলোতে সহযোগিতা করে আসছে লুক্সেমবার্গ।
সফরে আরও ছিলেন মন্ত্রণালয়ের ডিরেক্টর অব কো-অপারেশন ক্রিস্টোফে পল জোসেফ স্ক্লিটজ, বাংলাদেশে নিযুক্ত লুক্সেমবার্গ গ্র্যান্ড ডাচির রাষ্ট্রদূত পেজি ফ্রান্তজেন। তাঁদের সঙ্গে ছিলেন ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান ও ফ্রেন্ডশিপ লুক্সেমবার্গের চেয়ার মার্ক এলভিনগার।
প্রায় ২০ বছরেরও বেশি আগে ফ্রেন্ডশিপ একটি ভাসমান হাসপাতাল নিয়ে যমুনা-ব্রহ্মপুত্র নদীর চরগুলোতে কাজ শুরু করে। জীবন রক্ষা, দারিদ্র্য বিমোচন, জলবায়ু অভিযোজন, জনগোষ্ঠীর ক্ষমতায়নের প্রতি দায়বদ্ধ থেকে সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ বাংলাদেশ সরকারের সঙ্গে একাত্ম হয়ে কাজ করে যাচ্ছে।
কুড়িগ্রাম ও গাইবান্ধার চরে সফরের সময় প্রতিনিধি দলটি লুক্সেমবার্গ সরকারের সহ-অর্থায়নে পরিচালিত বিভিন্ন ফ্রেন্ডশিপের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করেন। এর মধ্যে রয়েছে ফ্রেন্ডশিপের ত্রি-স্তরের স্বাস্থ্যসেবা ব্যবস্থার অংশ হিসেবে একটি ভাসমান হাসপাতাল, একটি গুচ্ছ গ্রাম, একটি সৌর গ্রাম, একটি ফ্রেন্ডশিপ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়।
ফ্রাঞ্জ ফায়োট বলেন, বাংলাদেশের উত্তরাঞ্চলে ফ্রেন্ডশিপের সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি সহযোগিতামূলক সম্পর্ক স্থানীয় জনগণের ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে। প্রকল্প বাস্তবায়নে ফ্রেন্ডশিপ যে কাজের ধারা এবং মানসিকতা অব্যাহত রেখেছে তা অনুকরণীয়।
ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান বলেন, লুক্সেমবার্গ সরকারের সঙ্গে ফ্রেন্ডশিপের সম্পর্ক দীর্ঘদিনের। তারা আমাদের চরাঞ্চলের বাসিন্দাদের চাহিদাগুলো বোঝার চেষ্টা করেছে।