নেত্রকোনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

নেত্রকোনার মোহনগঞ্জ ও কলমাকান্দা উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার সকালের মধ্যে দুই উপজেলার পৃথক তিন স্থানে এসব ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুদের বয়স ১৪ মাস থেকে ৪ বছরের মধ্যে। তারা হলো কলমাকান্দা উপজেলার রায়পুর পূর্বপাড়া গ্রামের মুস্তাকিম মিয়ায় ছেলে জিসান মিয়া, মোহনগঞ্জের কয়ড়াপাড়া গ্রামের মিলন মিয়ার ছেলে জিহাদ (৪) ও বড় বেথাম গ্রামের আলমগীর মিয়ার আড়াই বছরের ছেলে আবদুল্লাহ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল ছয়টার দিকে জিসানকে বাড়ির উঠানে রেখে তার মা রান্নাঘরে কাজ করছিলেন। হঠাৎ শিশুটিকে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানি থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

এদিকে গতকাল সন্ধ্যায় বাড়ির সামনের উঠানে শিশু জিহাদ খেলা করছিল। হঠাৎ শিশুটি সবার অগোচরে ডোবার পানিতে ডুবে মারা যায়। একই সময় বড় বেথাম গ্রামের শিশু আবদুল্লাহ বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়।

মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, অভিযোগ না থাকায় লাশ দুটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে বৃষ্টি শুরু হওয়ায় বাড়ির পাশের পুকুর ও ডোবায় পানি জমেছে। এ সময়ে শিশুদের ব্যাপারে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।