প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে

মন্ত্রিসভার বৈঠক

আর্মড পুলিশ ব্যাটালিয়নের ক্ষমতা বাড়ছে, আইনের খসড়া অনুমোদন

আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর মাধ্যমে এ ব্যাটালিয়নের ক্ষমতা বাড়ানো হচ্ছে। এটি জাতীয় সংসদে পাস হলে জননিরাপত্তা রক্ষা, ভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা, সরকার ঘোষিত স্থাপনাগুলোর নিরাপত্তার পাশাপাশি সন্ত্রাস, মাদক, মানবপাচার, ধর্ষণ ও মানবতাবিরোধী কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে এ ব্যাটালিয়ন।

আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্মড পুলিশ ব্যাটালিয়নকে আরও জনবান্ধব করার লক্ষ্যে বিদ্যমান অধ্যাদেশ যুগোপযোগী করে বাংলায় ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়া প্রণয়ন করা হয়েছে। প্রস্তাবিত আইনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হলো পুলিশ বাহিনীর অধীন এ ব্যাটালিয়ন পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হবে। এ ব্যাটালিয়নকে জননিরাপত্তা রক্ষা, ভিআইপি ব্যক্তিবর্গের নিরাপত্তা, সরকার ঘোষিত স্থাপনাগুলোর নিরাপত্তা, সন্ত্রাস, মাদক, মানবপাচার, ধর্ষণ ও মানবতাবিরোধী কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার দায়িত্ব দেওয়া হয়েছে। ফৌজদারি কার্যবিধি ও প্রচলিত অন্যান্য আইন প্রতিপালনসাপেক্ষে ইউনিটের সদস্যদের ফৌজদারি অপরাধ তদন্ত ও কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া প্রস্তাবিত এ আইনে বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন ও বিচারপদ্ধতির প্রস্তাব করা হয়েছে।

খসড়া আইন মন্ত্রণালয়ের বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এ বৈঠকে নতুন মন্ত্রিসভার নতুন সদস্যরা উপস্থিত ছিলেন।