ঋণ কেলেঙ্কারি বিষয়ে প্রতিবেদন দিতে আরও এক মাস সময় পেল দুদক

দুর্নীতি দমন কমিশন (দুদক)
দুর্নীতি দমন কমিশন (দুদক)

ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ঋণ নিয়ে কেলেঙ্কারির অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের দল গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে রেকর্ডপত্র সরবরাহের জন্য তিনটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা বরাবর সংস্থাটির পক্ষ থেকে গত ৩০ মার্চ চিঠি পাঠানো হয়েছে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ বৃহস্পতিবার এ তথ্য তুলে ধরেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। অনুসন্ধান প্রতিবেদন দাখিলের জন্য দুদক আইনজীবীর আরও এক মাসের সময়ের আরজির পরিপ্রেক্ষিতে আদালত আগামী ৯ মে পরবর্তী দিন রেখেছেন।

এর আগে শুনানিকালে দুদকের আইনজীবীর উদ্দেশে আদালত বলেন, আর কত দিন সময় লাগবে? তখন খুরশীদ আলম খান বলেন, এক মাস সময় দিয়ে দিন ধার্য করে দিতে পারেন। আদালত বলেন, সিআইডি কী করেছে? তাদের পদক্ষেপ কী? তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন বলেন, তাঁরা কাজ করছেন। পরবর্তী তারিখে অগ্রগতি জানানো যাবে।

এরপর হাইকোর্ট দুদকের প্রতিবেদন গ্রহণ করে কোনো ধরনের ব্যর্থতা ছাড়াই এক মাসের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করতে দুদককে নির্দেশ দেন। ৯ মে দিন ধার্য করে আদালত বলেন, সিআইডি কোনো অগ্রগতি জানায়নি। এই সময়ের মধ্যে সিআইডিকে অগ্রগতি জানাতে নির্দেশ দেওয়া হলো।
 
ইসলামী ব্যাংকে ‘ভয়ংকর নভেম্বর’ শিরোনামে গত ২৪ নভেম্বর প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ইসলামী ব্যাংকের ৭ হাজার ২৪৬ কোটি টাকা ঋণের তদন্তে বাংলাদেশ ব্যাংক নিয়ে গত ২৯ নভেম্বর ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে এবং এস আলম গ্রুপ একাই আইবিবিএল (ইসলামী ব্যাংক লিমিটেড) থেকে ৩০ হাজার কোটি টাকা ঋণ তুলেছে বিষয়ে ৩০ নভেম্বর ইংরেজি দৈনিক নিউ এজে পৃথক তিনটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদন নজরে আসার পর গত ৪ ডিসেম্বর আদালত স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন।

ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ঋণ নিয়ে কেলেঙ্কারির অভিযোগ অনুসন্ধান করে চার মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট ব্যাংকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়।

রুলে অভিযোগ বিষয়ে ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না এবং জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। অর্থসচিব, আইনসচিব, দুদক, বাংলাদেশ ব্যাংক, বিএফআইইউ ও সিআইডিসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। একই সঙ্গে ৫ এপ্রিল শুনানির পরবর্তী দিন রাখেন আদালত। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি ওঠে।

প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভুয়া ঠিকানা ও কাগুজে দুই কোম্পানি খুলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) থেকে দুই হাজার কোটি টাকা তুলে নিয়েছে একটি অসাধু চক্র। সব মিলিয়ে নানা উপায়ে ইসলামী ব্যাংক থেকে প্রায় সাত হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। আটটি প্রতিষ্ঠানের নামে গত বছরেই (২০২২ সাল) এ অর্থ নেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ তুলে নেওয়া হয় গত বছরের ১ থেকে ১৭ নভেম্বর। যার পরিমাণ ২ হাজার ৪৬০ কোটি টাকা। একইভাবে বেসরকারি খাতের সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকেও ২ হাজার ৩২০ কোটি টাকা তুলে নিয়েছে এ কোম্পানিগুলো। ফলে এ তিন ব্যাংকের কাছে প্রতিষ্ঠানগুলোর সুদসহ দেনা বেড়ে হয়েছে সাড়ে ৯ হাজার কোটি টাকা। এমন সময়ে এসব অর্থ তুলে নেওয়া হয়, যখন ব্যাংক খাতে ডলার-সংকটের পর টাকার সংকট বড় আলোচনার বিষয়। ব্যাংক তিনটির নথিপত্র পর্যালোচনা করে এসব তথ্য মিলেছে। আর ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদনের ভাষ্য, এ বছর ৯ প্রতিষ্ঠানকে ইসলামী ব্যাংকের ৭ হাজার ২৪৬ কোটি টাকা ঋণ বিতরণের মাধ্যমে বড় আকারে ব্যাংকিং আইন লঙ্ঘনের অভিযোগ নিয়ে তদন্ত শুরু বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং পরিদর্শন বিভাগের ৩ কর্মকর্তাকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা জানান।