লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম
ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন।

যুক্তরাজ্য ও কমনওয়েলথ দেশের রাজা হিসেবে তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। কাল শনিবার এ অভিষেক অনুষ্ঠান হবে। একই দিন রানি হিসেবে চার্লসের স্ত্রী ক্যামিলারও অভিষেক হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রীর একমাত্র বোন শেখ রেহানাও তাঁর সঙ্গে রয়েছেন।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইনসের একটি ফ্লাইট ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা ৩০ মিনিটে লন্ডনের উদ্দেশে যাত্রা করে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

ফ্লাইটটি লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ মে রাত ১১টা ৪৯ মিনিটে (স্থানীয় সময়) অবতরণ করে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এ সময় ব্রিটিশ সরকারের পক্ষে রাষ্ট্রদূত এলিসন ব্ল্যাকবার্ন উপস্থিত ছিলেন।

লন্ডনে অবস্থানকালে প্রধানমন্ত্রী কমনওয়েলথ নেতাদের একটি অনুষ্ঠান ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে টোকিওতে চার দিনের সরকারি সফর শেষে গত ২৯ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারত্বের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দেন। তিনি মার্কিন ব্যবসায়ী নেতা, বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট অজয় বঙ্গ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠক করেন। ওয়াশিংটন ডিসিতে একটি নাগরিক সংবর্ধনায়ও যোগ দেন তিনি।

প্রধানমন্ত্রী ৯ মে লন্ডন থেকে ঢাকা ফিরবেন।