সুপ্রিম কোর্টের অনুসন্ধান কমিটির অভিযান, মুচলেকা নিয়ে সতর্ক করা হলো তিনজনকে

হাইকোর্ট
ফাইল ছবি

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত ফটোকপি ও কম্পিউটার টাইপের দোকানে অভিযান চালিয়ে ভুয়া টোকেনসহ দুজনকে এবং একজন ভুয়া ডেপোনেন্টকে (সাক্ষ্যদাতা) আটক করা হয়েছে। সুপ্রিম কোর্টের অনুসন্ধান কমিটি তাঁদের আটক করে মুচলেকা নিয়ে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেয়।

সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতিবিষয়ক অভিযোগ অনুসন্ধানে গঠিত কমিটি আজ রোববার সকালে এই অভিযান চালায়।

এর আগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশে গত বছরের ৬ জানুয়ারি প্রথমে তিন সদস্যবিশিষ্ট অনুসন্ধান কমিটি গঠন করা হয়। একজন সদস্য বদলি হওয়ার প্রেক্ষাপটে আরও একজন নতুন সদস্য নিয়ে চলতি বছরের ৫ জানুয়ারি কমিটি পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত কমিটির সদস্য চারজন।

যোগাযোগ করা হলে আজ রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, অনুসন্ধান কমিটির সদস্যরা প্রায় প্রতিদিনই কোনো না কোনো শাখায় অভিযান পরিচালনা করেন। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে থাকা ফটোকপি ও কম্পিউটার টাইপের দোকানে অভিযান চালিয়ে দুজন ব্যক্তিকে ভুয়া বা বানানো টোকেনসহ হাতেনাতে ধরা হয়। তাঁদের কাছে সুপ্রিম কোর্টের অ্যাফিডেভিট শাখার জাল টোকেন ছিল। এ ছাড়া একজন ভুয়া ডেপোনেন্টকে ধরা হয়। পরে মুচলেকা নিয়ে সতর্ক করে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা অনুসন্ধান কমিটি খতিয়ে দেখছে।

এর আগে বিভিন্ন সময় অভিযান চালিয়ে প্রাথমিক তদন্তের পর চার-পাঁচজন কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সুপারিশ করা হয় বলে জানান সাইফুর রহমান। তিনি বলেন, ইতিমধ্যে কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান। এ ছাড়া অবৈধ লেনদেন করার সময় বহিরাগত সাত-আটজন ব্যক্তিকে কমিটি হাতেনাতে ধরে। তাঁদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। কমিটির কার্যক্রম প্রতিদিন রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতিকে অবহিত করা হয়।

সুপ্রিম কোর্ট প্রশাসন-সংশ্লিষ্ট একাধিক সূত্র বলেছে, সুপ্রিম কোর্টে দুর্নীতি ও অনিয়মের বিষয়ে বিভিন্ন সময় বলা হলেও দুঃখজনক হলেও সত্য যে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অভিযোগসংক্রান্ত প্রাথমিক অনুসন্ধান কমিটি কিংবা সুপ্রিম কোর্ট প্রশাসনের কাছে এ-সংক্রান্ত সুনির্দিষ্ট অভিযোগ কোনো আইনজীবী কিংবা ভুক্তভোগী ব্যক্তি সাধারণত দিতে চান না। তবে অনিয়ম ও দুর্নীতি নিয়ে লিখিত অভিযোগ তদন্তের পাশাপাশি কমিটি তাদের নিজস্ব কর্মপন্থা অনুসারে অনুসন্ধান করে থাকে।

গত বৃহস্পতিবার (১৮ মে) এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি আক্ষেপ করে বলেছেন, ‘যদি কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না আসে, তাহলে কিসের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব? যখন কারও দুর্নীতি হাতেনাতে ধরা হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি।’

অনুসন্ধান কমিটির কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সব শাখা পরিদর্শন করে অনিয়ম ও দুর্নীতিসংক্রান্ত বিদ্যমান সমস্যা চিহ্নিত করা ও সমস্যা নিরসনে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, এ বিষয়ে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবে কমিটি। এই প্রতিবেদন শিগগিরই প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করা হবে। এ ছাড়া শাখা পরিদর্শন করে একই শাখায় দীর্ঘদিন ধরে কর্মরতদের অন্যান্য শাখায় বদলির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চার সদস্যের বর্তমান অনুসন্ধান কমিটিতে রয়েছেন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (সার্বিক) আলমগীর মুহাম্মদ ফারুকী, ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মিজানুর রহমান, আপিল বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও অর্থ) এম এম মোর্শেদ ও হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (বিচার) রাশেদুর রহমান।