ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী সপ্তম ‘বাংলাদেশ ইকোনমিকস সামিট’ শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ইকোনমিকস স্টাডি সেন্টারের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী সপ্তম ‘বাংলাদেশ ইকোনমিকস সামিট’।  এবারের সামিটের প্রতিপাদ্য ‘জনসংখ্যাগত লভ্যাংশের বাইরে: যুব কর্মসংস্থান ও টেকসই প্রবৃদ্ধির জন্য কাঠামোগত সংস্কার’।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এই সামিটের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামিটের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম।

এই আয়োজনে সহযোগিতা করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)।

ইকোনমিকস স্টাডি সেন্টারের সভাপতি অনির্বাণ ঘোষের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তৈয়বুর রহমান ও ইকোনমিকস স্টাডি সেন্টারের মডারেটর অধ্যাপক সেলিম রায়হান। সামিটে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

সামিট আয়োজনের জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে উপাচার্য ওবায়দুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের গবেষণা জার্নাল প্রকাশ ও একাডেমিক উপস্থাপনা অত্যন্ত প্রশংসনীয়। কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থেকে এ ধরনের গবেষণাধর্মী ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

শিক্ষার্থীদের সৃজনশীলতা সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে উল্লেখ করে উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে পাওয়া সুযোগ-সুবিধা যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।

তিন দিনব্যাপী এই সামিটে এলডিসি উত্তরণ, শ্রম, শিক্ষা ও উদ্যোক্তা এবং জ্বালানি ও পরিবেশবান্ধব কর্মসংস্থান নিয়ে তিনটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এসব আলোচনায় সিপিডির জ্যেষ্ঠ ফেলো, বিভিন্ন গবেষণাপ্রতিষ্ঠানের গবেষকসহ দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা অংশ নেবেন।