পুলিশের বাধা ও হামলার মধ্যে কোটা সংস্কারের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক-মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। কোথাও কোথাও দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। কুমিল্লায় ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ।
সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সব গ্রেডে বৈষম্যমূলক ও অযৌক্তিক কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার ‘বাংলা ব্লকেড’ নামে এ অবরোধ কর্মসূচি পালন করেন। এই দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা ১ জুলাই থেকে আন্দোলন করে আসছেন।
রাজধানীর শাহবাগে গতকাল রাত নয়টার দিকে অবরোধ তুলে নেওয়ার আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দেশের বিভিন্ন স্থানে পুলিশ হামলা চালিয়েছে। এই হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবিতে শুক্রবার (আজ) বিকেল চারটায় সারা দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে। হামলা করে, ভয় দেখিয়ে আন্দোলন দমন করা যাবে না। জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে আইন পাস করে সব গ্রেডে ৫ শতাংশ কোটা রেখে বাকি কোটা বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি।
কোটা সংস্কারের দাবিতে গতকাল ছিল শিক্ষার্থীদের টানা আন্দোলনের ১১তম দিন। আগের দিন বুধবার সারা দেশে সকাল-সন্ধ্যা শিক্ষার্থীরা সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন। গতকাল বিকেলে ছিল আগের দিন ঘোষিত অবরোধ কর্মসূচি। এদিন সকাল থেকে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, পুলিশ, ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রশাসনসহ বিভিন্ন পর্যায় থেকে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে বলা হয়, কোটা নিয়ে আপিল বিভাগের আদেশের পর শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়া উচিত। জনদুর্ভোগ সৃষ্টি হয়, এমন কর্মসূচি থেকে তাঁদের বিরত থাকতে বলা হয়। ব্লকেড কর্মসূচির নামে রাস্তায় নামলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।
বেলা সাড়ে তিনটা থেকে অবরোধ কর্মসূচির সময় নির্ধারিত থাকলেও দুপুরের পর থেকেই দেশের গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে এবং তাঁদের প্রতিদিনের আন্দোলনের স্থানগুলোতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান নেয়। আন্দোলনের প্রথম ১০ দিনে পুলিশের কোনো সাঁজোয়া যানের উপস্থিতি দেখা না গেলেও গতকাল বিভিন্ন স্থানে তা চোখে পড়ে।
এমন পরিস্থিতিতে গতকাল সকাল থেকে শিক্ষার্থীদের পূর্বঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি নিয়ে নানা ধরনের শঙ্কা-সংশয় তৈরি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের নেতা–কর্মীরা মধুর ক্যানটিনে অবস্থান নেওয়ায় উত্তেজনা বাড়তে থাকে।
রাজধানীর শাহবাগে দুপুরের পর থেকেই বাড়তে থাকে পুলিশের উপস্থিতি। আন্দোলনকারীরা যেন শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে যেতে না পারেন, এ জন্য ব্যারিকেড দেয় পুলিশ। আনা হয় জলকামান ও সাঁজোয়া যান। আন্দোলনকারীরা জানান, শিক্ষার্থীরা বেলা সাড়ে তিনটার দিকে মিছিল শুরু করলে পুলিশের পক্ষ থেকে তাঁদের জানানো হয়, শাহবাগে দেওয়া ব্যারিকেড অতিক্রম করলে পুলিশ ‘অ্যাকশনে’ যাবে। পরে বিকেল পাঁচটার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে সেই ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে শাহবাগ মেট্রো স্টেশনের নিচে অবস্থান নেন। তখন পুলিশ পিছু হটতে বাধ্য হয়।
শাহবাগে কয়েক হাজার শিক্ষার্থী অবস্থান নেওয়ায় শাহবাগ মোড়সহ আশপাশের এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বন্ধ করে দেওয়া হয় শাহবাগ মেট্রো স্টেশনের দক্ষিণ পাশের দুটি ফটক এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের লিফট। একপর্যায়ে আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন তরুণ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের অভিযোগ এনে প্রতিষ্ঠানটির প্রতিবেদক ও ক্যামেরাপারসনকে মারধর করেন।
শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলনকারীদের স্লোগান ছিল, ‘পুলিশ দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘ভয় দেখিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘হামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’।
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়ে অবরোধে যোগ দিতে শাহবাগের দিকে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েন। বিকেল সাড়ে পাঁচটার দিকে দুই দফায় মিছিল নিয়ে তাঁরা শাহবাগে আসেন। শিক্ষার্থীদের আটকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনও বাধা দেওয়ার চেষ্টা করে। ক্যাম্পাসের প্রধান ফটকের তালা ও দরজা ভেঙে শিক্ষার্থীরা বের হন। তাঁরা মিছিল নিয়ে এগোতে থাকলে শাঁখারীবাজার, তাঁতীবাজার, জিরো পয়েন্ট, মৎস্য ভবনের কাছে পুলিশ বাধা দেয়।
অপর দিকে ঢাকা কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা কলেজের প্রধান ফটক থেকে মিছিল বের করেন তাঁরা। এতে ইডেন কলেজের কিছু শিক্ষার্থী অংশ নেন। মিছিলটি সায়েন্সল্যাব ও নীলক্ষেতে পুলিশের বাধার মুখে পড়ে। তা ছাড়া তাঁদের মিছিল চলাকালে ছাত্রলীগের আরেকটি মিছিল তাঁদের পাশ দিয়ে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ছাত্রলীগের মিছিলটি চলে গেল বিকেল পাঁচটার দিকে আন্দোলন সমাপ্ত ঘোষণা করা হয়।
পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর, কুমিল্লা, বরিশাল ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রেলপথ অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চট্টগ্রামে পুলিশের বাধা, লাঠিপেটা উপেক্ষা করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে খুলনা ও পাবনায়। ভোলা সরকারি কলেজে ছাত্রলীগের বাধায় পণ্ড হয় শিক্ষার্থীদের আন্দোলন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। গতকাল বেলা সোয়া তিনটার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
পাল্টাপাল্টি ধাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে পুলিশ, সাংবাদিক, শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়। পরে বাধা ঠেলে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ী এলাকা অবরোধ করেন। বিকেল সাড়ে চারটার দিকে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের মুখে পিছু হটে পুলিশ। শিক্ষার্থীদের অবরোধে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়।
চট্টগ্রামে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে এগিয়ে গেলে কয়েকজনকে লাঠিপেটা করে পুলিশ। গতকাল বিকেল পৌনে পাঁচটায় চট্টগ্রাম নগরের টাইগারপাস মোড়ে এ ঘটনা ঘটে। এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে দেড় কিলোমিটার দূরত্বের ২ নম্বর গেট এলাকায় গেলে সেখানেও পুলিশ ধাওয়া দিয়ে লাঠিপেটা করে। তবে এসব উপেক্ষা করে শিক্ষার্থীরা ২ নম্বর গেটেই অবস্থান নেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বিকেল চারটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তবে অবরোধের শুরুতে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। পৌনে তিন ঘণ্টা অবরোধের পর সন্ধ্যা পৌনে সাতটায় তাঁরা এ অবরোধ তুলে নিয়ে কর্মসূচি শেষ করেন।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেল সোয়া চারটা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান ফটকের দিকে যান। এ সময় মহানগর পুলিশ সড়ক অবরোধ করতে বাধা দেয়। আন্দোলনকারীদের অভিযোগ, বাধা দেওয়ার সময় পুলিশ লাঠিপেটা করে। এতে ১৫ থেকে ২০ জন আন্দোলনকারী আহত হন। পরে পুলিশের বাধা উপেক্ষা করে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বিকেল সোয়া পাঁচটায় তাঁরা অবরোধ তুলে নেন।
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে ক্যাম্পাসের প্রধান ফটক দিয়ে বের হয়ে মহাসড়কে যেতে পুলিশের বাধার মুখে পড়েন তাঁরা। বাধা পেরিয়ে বেলা সাড়ে তিনটার পর মহাসড়কে মিছিল করে অবস্থান নেন শিক্ষার্থীরা। অপর দিকে ছাত্রলীগও ক্যাম্পাসে মিছিল–সমাবেশ করে।
বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বেলা সাড়ে তিনটায় আন্দোলনে নামেন তাঁরা। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের মহাসড়কে অবস্থান নেন। সড়কে আগুন জ্বালিয়ে সেখানে বিক্ষোভ শুরু করেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজারসংলগ্ন রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা।
মুষলধারে বৃষ্টির মধ্যে খুলনার জিরো পয়েন্ট অবরোধ করে বিক্ষোভ করছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা।
প্রক্টরের নেতৃত্বে কিছু শিক্ষকের বাধার কারণে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে যেতে পারেননি। তাই তাঁরা ক্যাম্পাসেই বিক্ষোভ করেছেন।