আইএফআইসি ব্যাংকের অর্ধবার্ষিক সম্মেলনে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে দিকনির্দেশনা

আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে দিনব্যাপী সম্মেলনে ঢাকা উত্তর–দক্ষিণ অঞ্চলের ৭৫টি শাখার ব্যবস্থাপকেরাসহ প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানেরা অংশ নেন
ছবি: আইএফআইসির সৌজন্যে

আইএফআইসি ব্যাংক পিএলসির ঢাকা অঞ্চলের (উত্তর ও দক্ষিণ) ‘অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১২ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনে আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ঢাকা উত্তর–দক্ষিণ অঞ্চলের ৭৫টি শাখার ব্যবস্থাপকেরাসহ প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানেরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মনসুর মোস্তফা। তিনি বলেন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহির ধারাবাহিক চর্চার ফলে আইএফআইসি ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। এর প্রতিফলন হিসেবে ব্যাংকের আমানত ইতিমধ্যে ৫৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

সৈয়দ মনসুর মোস্তফা ঋণ পুনরুদ্ধার কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি বিভিন্ন খাতে ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে রিটেইল ও এমএসএমই ব্যবসার সম্প্রসারণ এবং বাংলা কিউআরসহ ডিজিটাল সেবার প্রসারের মাধ্যমে গ্রাহকদের আরও সহজ, দ্রুত ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে ঊর্ধ্বতন ব্যবস্থাপনা দলের সদস্যরা ব্যাংকের ব্যবসায়িক সক্ষমতা, পরিচালনগত অগ্রগতি ও বিদ্যমান শক্তিশালী ভিত্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে ভবিষ্যৎ ব্যবসায়িক লক্ষ্য অর্জন, গ্রাহকসেবার মানোন্নয়ন, সম্পদের গুণগত মান বজায় রাখা এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

দিনব্যাপী সম্মেলনের শেষে ছিল ব্যবস্থাপকদের সঙ্গে মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব। সম্মেলনে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।