যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বিজয় দিবস উদ্‌যাপনে প্রস্তুতিমূলক সভা শেষে জাতীয় পতাকা ও ব্যানার হাতে বাংলার বিজয় বহরের নতুন কমিটির সদস্য ও প্রবাসীরা
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বিজয় দিবস উদ্‌যাপনে প্রস্তুতিমূলক সভা শেষে জাতীয় পতাকা ও ব্যানার হাতে বাংলার বিজয় বহরের নতুন কমিটির সদস্য ও প্রবাসীরা

লস অ্যাঞ্জেলেসের রাজপথে হবে লাল-সবুজের গর্জন, তার প্রস্তুতিতে ‘বাংলার বিজয় বহর’

বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসেও বইছে বিজয়ের আবহ। লাল-সবুজের পতাকা হাতে প্রবাসীদের এক মিলনমেলায় ভৌগোলিক দূরত্ব ছাপিয়ে সামনে আসছে মুক্তিযুদ্ধের ইতিহাস, বিজয়ের আনন্দ আর নাড়ির টান। প্রতিবছরের মতো এবারও মহান বিজয় দিবস উদ্‌যাপনে বিস্তারিত প্রস্তুতি নিচ্ছে ক্যালিফোর্নিয়ার প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সংগঠন ‘বাংলার বিজয় বহর’।

আগামী ১৩ ডিসেম্বর বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা, পথমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় দিবস উদ্‌যাপনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। এ উপলক্ষে ১০ নভেম্বর সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের লিটল ঢাকার একটি ব্যাঙ্কোয়েট হলে আয়োজকদের প্রথম প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি ডা. জয়নুল আবেদীন।

সভায় ২০২৬ সালের বিজয় দিবসের আয়োজন সফল করতে নতুন কমিটি গঠন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে সাজিয়া হক মিমিকে সভাপতি ও মো. আফজাল হোসাইন সিকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নতুন এই কমিটিতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ও তরুণ প্রজন্মের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

রাজপথে লাল-সবুজের শোভাযাত্রা

বিজয় দিবসের এই আয়োজনের মূল আকর্ষণ হিসেবে থাকছে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা (কার র‍্যালি)। বাংলাদেশের জাতীয় পতাকা, ব্যানার ও দেশাত্মবোধক সাজে সজ্জিত শতাধিক গাড়ির বহর নিয়ে লস অ্যাঞ্জেলেসের রাজপথে নামবেন প্রবাসী বাংলাদেশিরা। এর মাধ্যমে স্থানীয় বহুজাতিক সমাজের সামনে বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম ও বিজয়ের বার্তা তুলে ধরা হবে। লস অ্যাঞ্জেলেস সিটি কর্তৃপক্ষের সহযোগিতায় লিটল বাংলাদেশ এলাকার থার্ড স্ট্রিট থেকে আলেকজান্দ্রিয়া অ্যাভিনিউ পর্যন্ত এই শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্যারেড নির্বিঘ্ন করতে ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তাসংক্রান্ত যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে।

গানে গানে বিজয়ের সুর ও পথমেলা

সাংস্কৃতিক পরিবেশনাকে প্রাণবন্ত করতে এবারের আয়োজনে বাংলাদেশ থেকে জনপ্রিয় সংগীতশিল্পী এস ডি রুবেল এবং নিউইয়র্ক থেকে প্রখ্যাত বাউলশিল্পী কালা মিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁদের পাশাপাশি মঞ্চ মাতাবেন স্থানীয় প্রবাসী শিল্পীরাও।

এ ছাড়া দিনব্যাপী আয়োজিত পথমেলায় স্থান পাবে দেশীয় পোশাক, মুখরোচক ঐতিহ্যবাহী খাবার ও আবহমান বাংলার নানা হস্তশিল্পের স্টল। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও বাঙালি সংস্কৃতিকে তুলে ধরাই এই পথমেলার মূল লক্ষ্য।

হাজার মাইল দূরেও বিজয়ের আনন্দ আর দেশের টান। লস অ্যাঞ্জেলেসে বিজয় দিবসের বর্ণাঢ্য আয়োজনের গুরুদায়িত্ব কাঁধে নিয়ে এক ফ্রেমে ‘বাংলার বিজয় বহর’-এর নতুন ও সাবেক কমিটির সংগঠকেরা

প্রস্তুতিমূলক সভায় সংগঠনের সাবেক সভাপতি ডা. জয়নুল আবেদীন ও সাবেক সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমানের সাংগঠনিক অবদানের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান আবদুল বাসিত, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মুজিব সিদ্দিকী, আহ্বায়ক মিকাইল খান, সাবেক আহ্বায়ক তারেক বাবু, আবু হানিফা, নিপা মোনালিসা, উপস্থাপক মিঠুন চৌধুরী, শুভ্রা ব্যানার্জি, বাবর মহিউদ্দিন, এফ মোহন জন, সার্জিল বিন ইউসুফ, বিসাকের সাধারণ সম্পাদক বাপ্পি, মহিউদ্দিন সৈকত, কামরুজ্জামান আকাশ, রাফসান শিকদার, খায়রুজ্জামান মামুন, শেখ হাসানসহ অনেকে।

আয়োজকেরা জানান, ১৫ নভেম্বর রোববার সন্ধ্যায় নবনির্বাচিত সভাপতি সাজিয়া হক মিমির বাসভবনে পরবর্তী সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। সেখানে শোভাযাত্রার সার্বিক ব্যবস্থাপনা ও অন্যান্য উপকমিটির দায়িত্ব চূড়ান্ত করা হবে।