বিএসটিআইয়ের মামলায় সিটি গ্রুপের এমডির জামিন

সিটি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান
ছবি: দীপু মালাকার

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) করা মামলায় সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফজলুর রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

বিএসটিআইয়ের আইনজীবী আশরাফ উদ্দিন খন্দকার বলেন, আদালত আসামির বিরুদ্ধে গত বৃহস্পতিবার অভিযোগ গঠন করেন। একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ ফজলুর রহমান আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন।

ফজলুর রহমানের আইনজীবী জিয়া হাবীব আহসান প্রথম আলোকে বলেন, আসামি অসুস্থ থাকায় তাঁর জামিন আবেদনের পাশাপাশি মামলার হাজিরা আইনজীবীর মাধ্যমে দেওয়ার আবেদন করা হয়। আদালত জামিন মঞ্জুর করে যুক্তিতর্ক শুনানির আগপর্যন্ত তা মঞ্জুর করেন।

‘তীর’ ও ‘ন্যাচারাল’ ব্র্যান্ডের ফর্টিফায়েড ভোজ্যতেলে নির্ধারিত মাত্রার তুলনায় কম পরিমাণে ভিটামিন এ পাওয়ায় ২০১৯ সালের ২০ অক্টোবর মামলাটি করে বিএসটিআই। চট্টগ্রামের পতেঙ্গার ভিওটিটি অয়েল রিফাইনারি লিমিটেডের কারখানা থেকে নমুনা সংগ্রহ করেছিল বিএসটিআইয়ের একটি দল। মেসার্স ভিওটিটি ওয়েল রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান। তিনি শিল্পগোষ্ঠী সিটি গ্রুপের চেয়ারম্যান ও এমডি। সিটি গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান ভিওটিটি অয়েল রিফাইনারি।

আইনজীবী আশরাফ উদ্দিন খন্দকার আরও বলেন, বিএসটিআইয়ের নির্ধারিত মান অনুসারে প্রতি কেজি ফর্টিফায়েড তেলে ১৫ থেকে ৩০ মিলিগ্রাম ভিটামিন এ থাকতে হয়। কিন্তু ওই কারখানা থেকে সংগ্রহ করা তীর ব্র্যান্ডের তেলে তা ছিল মাত্র ৩ দশমিক ১৬ মিলিগ্রাম এবং ন্যাচারাল ব্র্যান্ডের তেলে তা ছিল ৬ দশমিক ৪৭ মিলিগ্রাম।