ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে: আইজিপি

সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
ছবি: সংগৃহীত

ঈদে সড়ক, নৌ ও রেলপথে ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আজ বুধবার দুপুরে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, র‍্যাবসহ বাংলাদেশ পুলিশের সব ইউনিট একযোগে দায়িত্ব পালন করছে। এ ছাড়া যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট, পুলিশের অপরাধ তদন্ত বিভাগর (সিআইডি) ক্রাইম সিন ইউনিট, ডগ স্কোয়াড, বোমা উদ্ধার ও নিষ্ক্রীয়করণ দল, অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনকালে যাত্রীদের খোঁজখবর নেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

ঈদের ছুটিতে বিভিন্ন পর্যটনকেন্দ্রে জনসমাগম হয়। তাদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানান আইজিপি। তিনি বলেন, ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম), উপনিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। যাতে যাত্রীরা নিরাপদে তাঁদের নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন।

পুলিশপ্রধান বলেন, প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় পদ্মা সেতু হয়েছে। সড়কের অবস্থাও আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। ইতিমধ্যে সরকারি ছুটি বাড়ানো হয়েছে। বিভিন্ন বাস কাউন্টারে কথা বলে জানা গেছে, এখনো যাত্রী সাধারণের চাপ তেমন বাড়েনি। সতর্কভাবে গাড়ি চালানোর জন্য চালকদের প্রতি অনুরোধ জানান তিনি।

ঈদ জামাতের নিরাপত্তা প্রসঙ্গ উল্লেখ করে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ঈদ জামাতস্থলের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়ে পুলিশপ্রধান বলেন, যাত্রাপথে সহযাত্রীদের দেওয়া কোনো খাবার বা পানীয় গ্রহণ থেকে বিরত থাকবেন। কারণ, এতে অজ্ঞান পার্টি, মলম পার্টির খপ্পরে পড়ার আশঙ্কা রয়েছে।

বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ড–সম্পর্কিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, অগ্নিকাণ্ডের প্রতিটি ঘটনা পুলিশ খতিয়ে দেখছে। নাশকতার কোনো প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পরে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেন আইজিপি। এ সময় জনসাধারণ, লঞ্চমালিক, চালক ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সর্বশেষে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করে সার্বিক নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আইজিপির সঙ্গে ছিলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম, রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. দিদার আহম্মেদ, নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম প্রমুখ।