
সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আদালত মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আগামী ২০ জানুয়ারি।
ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর শামসুদ্দিন মোহাম্মদ আবুল কালাম বলেন, গত ২৫ অক্টোবর এস কে সুরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন। ওই দিন তাঁর উপস্থিতিতে অভিযোগ গঠনের জন্য আজকের দিন ধার্য করেন আদালত।
আজ এস কে সুরকে আদালতে হাজির করা হয়। বিচারক তাঁকে অভিযোগপত্র সংক্ষেপে পড়ে শোনান। এরপর বিচারক অভিযোগ গঠন করেন। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২০ জানুয়ারি দিন ধার্য করেন।
গত বছরের ২৩ ডিসেম্বর এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ২৭ অক্টোবর আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিলের জন্য দুদকের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়। কিন্তু নিয়ম অনুযায়ী, ২১ কর্মদিবস অর্থাৎ ২৫ নভেম্বর পর্যন্ত সম্পদের বিবরণী দাখিল না করায় এস কে সুর চৌধুরী দুদক আইনের ২৬ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান।