ডিএনসিসি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুরা। সেখানে গত বৃহস্পতিবার এক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে
ডিএনসিসি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুরা। সেখানে গত বৃহস্পতিবার এক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে

হামের উপসর্গে আরও চার শিশুর প্রাণ গেল, সবাই ঢাকায়

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) দেশে আরও চার শিশু মারা গেছে। সবাই ঢাকায় মারা গেছে।

এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ২৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে হামে আক্রান্ত হয়েছে ৭২ শিশু।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ২৩৫ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে।এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৪৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৩৯ হাজার ৩২৫ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৬ হাজার ৯১১ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ২৩ হাজার ২২৫ শিশু বাড়ি ফিরেছে।

১৫ মার্চ থেকে দেশে ৫ হাজার ২১৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।