দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকায় ৩৬ জন এবং ঢাকার বাইরে ১০ জন। তবে আজ দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় বেশির ভাগ হাসপাতাল ডেঙ্গু রিপোর্ট দেয়নি। আগামীকাল শনিবারের রিপোর্টের সঙ্গে তা সমন্বয় করা হবে।
বর্তমানে দেশে মোট ১ হাজার ৩৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৫৩টি হাসপাতালে ১ হাজার ৭৩ জন এবং ঢাকার বাইরে ৩০৯ জন রয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত ৬ হাজার ৩৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার ৪ হাজার ৯৩৫ জন এবং ১ হাজার ৪০৪ জন ঢাকার বাইরের। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪০ জন মারা গেছেন। এর মধ্যে ২৭ জনের মৃত্যুই হয়েছে চলতি জুন মাসে।
দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা গেছেন গত বছর। ওই সময় ২৮১ জন মারা গেছেন। দেশে বড় আকারে প্রথম ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছিল ২০০০ সালে। ওই বছর ডেঙ্গুতে মারা যান ৯৩ জন।
এরপর ডেঙ্গুর সবচেয়ে বড় প্রকোপ দেখা দেয় ২০১৯ সালে। ওই বছর মারা যান ১৭৯ জন। করোনা মহামারি শুরুর বছর, অর্থাৎ ২০২০ সালে মারা যান ৭ জন এবং পরের বছর মারা যান ১০৫ জন।