সেপটিক ট্যাংকে নেমে মারা গেলেন দুই শ্রমিক

রাজধানীর উত্তরখানের বাবুর্চির মোড়ে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ রোববার সকাল পৌনে ১০টার দিকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। দুই শ্রমিক হলেন মো. আবদুস সামাদ (৫৫) ও মধু মিয়া (৪২)।

উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আবুল কালাম প্রথম আলোকে বলেন, নিহত দুজন শ্রমজীবী মানুষ। নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য নিচে নেমে অজ্ঞান হয়ে পড়েন তাঁরা। পরে ফায়ার সার্ভিস এসে দুজনের লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আবুল কালাম বলেন, নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। সেটি পরিষ্কার করার জন্য গতকাল শনিবার রাতে দুজন শ্রমিকের সঙ্গে চুক্তি করেন ভবনের মালিক। আজ সকাল আটটার দিকে তাঁরা কাজ করতে আসেন। প্রথমে ট্যাংকের ভেতর একজন নেমেই অজ্ঞান হয়ে পড়েন। তাঁকে উদ্ধারের আরেকজন নেমে তিনিও অজ্ঞান হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে কর্তব্যরত কর্মকর্তা রাকিবুল হাসান প্রথম আলোকে বলেন, সেপটিক ট্যাংকে দুই ব্যক্তি আটকে আছেন, এমন সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের উত্তরা স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করে। লাশ দুটি উত্তরখান থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।