
চট্টগ্রাম নগরের বন্দরটিলা এলাকার জুতার একটি কারখানায় আজ বৃহস্পতিবার আগুন লাগে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস জানায়, আজ বেলা ১১টার দিকে বন্দরটিলার টিসিবি কমপ্লেক্সের ভেতরে অবস্থিত রংদা এন্টারপ্রাইজ নামের জুতার কারখানাটিতে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুর ১২টার দিকে আগুন পুরোপুরি নেভানো যায়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া বলেন, আগুন লাগার কারণ কী, আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর বলা যাবে।
সূত্র জানায়, টিসিবির কাছ থেকে ভাড়া নিয়ে কমপ্লেক্সের ভেতরে জুতার কারখানার পাশাপাশি গুদাম করেছে একটি প্রতিষ্ঠান। টিসিবির মূল ভবন থেকে কারখানাটি অনেকটা দূরে অবস্থিত। আগুনে টিসিবির কোনো পণ্যের ক্ষয়ক্ষতি হয়নি।
নগরের ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রায়হানুল আশরাফ হোসেন প্রথম আলোকে বলেন, কারখানাটিতে রাবারজাতীয় উপকরণ থাকায় আগুনের চেয়ে ধোঁয়া বেশি ছড়িয়ে পড়েছিল।