
শিকড়ের টানে, প্রিয়জনের সঙ্গে ঈদের উৎসবে মেতে উঠতে প্রস্তুত সবাই। এরই মধ্যে নতুন পোশাকসহ ঈদের অন্যান্য কেনাকাটাও সেরে ফেলেছেন অনেকেই। কিন্তু আমাদের আশপাশে এমন অনেক সুবিধাবঞ্চিত শিশু রয়েছে, যাদের নতুন পোশাক কেনার সামর্থ্য থাকে না। এ কারণে তাদের ঈদটাও হয় না বর্ণিল ও উচ্ছ্বাসময়। এ রকম শিশুদের মধ্যে ঈদের খুশি ছড়িয়ে দিতে বিশেষ আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড পুষ্টি। ‘পুষ্টি ঈদের খুশি’ কর্মসূচির মাধ্যমে শিশুদের কাছে পৌঁছে দেওয়া হয় ঈদের নতুন পোশাক।
সারা দেশের সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের উৎসবকে রঙিন করতে এ উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ ছিল সবার। এ জন্য pustiederkhushi.com ওয়েবসাইটে নিজের আশপাশে থাকা ৬ থেকে ১২ বছর বয়সী সুবিধাবঞ্চিত শিশুর প্রয়োজনীয় তথ্যাদি জানিয়েছিলেন সারা দেশের অসংখ্য মানুষ। সেখান থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত করা হয় শিশুদের। তারপর তথ্যদাতার মাধ্যমেই নতুন পোশাক তুলে দেওয়া হয় সুবিধাবঞ্চিত শিশুদের হাতে।
উদ্যোগটি প্রসঙ্গে টি কে গ্রুপের হেড অব ব্র্যান্ড ইব্রাহিম খলিল নয়ন বলেন, ‘পুষ্টির সৌজন্যে সারা দেশে আমরা পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর কাছে ঈদের নতুন পোশাক পৌঁছে দিয়েছি। অনেক শিশুর কাছেই এটা ছিল অপ্রত্যাশিত, অকল্পনীয়। এ উদ্যোগের মাধ্যমে তাদের মধ্যে ঈদের খুশি ছড়িয়ে দিতে পেরে আমরাও আনন্দিত। যাঁরা সুবিধাবঞ্চিত শিশুদের তথ্য দিয়ে এই মানবিক কার্যক্রমটি সফল করতে সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ।’
ইব্রাহিম খলিল নয়ন বলেন, ‘এবারের অভিজ্ঞতা আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে আয়োজনের মাধ্যমে সারা দেশের আরও বেশিসংখ্যক সুবিধাবঞ্চিত শিশুর ঈদের উৎসবকে রঙিন করতে চাই।
আমাদের মাধ্যমে এ অনন্য উদ্যোগ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, সেটাই প্রত্যাশা।’
উল্লেখ্য, সারা দেশে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে পোশাকগুলো তুলে দেওয়ার সময় সেখানে পুষ্টির স্থানীয় বিক্রয় প্রতিনিধি, ব্যবস্থাপক, তথ্যদাতা এবং সংশ্লিষ্ট শিশুর অভিভাবকেরা উপস্থিত ছিলেন।