দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অনন্য: দুবাইয়ে তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ ও দুবাইপ্রবাসী রাঙ্গুনিয়া সমিতির নেতারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান
ছবি: সংগৃহীত

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিশ্ব নেতৃবৃন্দ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতির প্রশংসায় পঞ্চমুখ। প্রবাসী বাংলাদেশিরা তাঁদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়ে এ অগ্রগতিতে অসামান্য ভূমিকা রেখে চলেছেন। দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে তাঁদের অবদান রয়েছে।

সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিতব্য ‘ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরামে’ অংশ নিতে বৃহস্পতিবার ঢাকা থেকে রওনা হয়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ ও দুবাই প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির নেতারা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। যাত্রাবিরতিকালে স্থানীয় একটি হোটেলে নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এ সময় উপস্থিত ছিলেন। তথ্য মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাছান মাহমুদ বলেন, ‘একটি গোষ্ঠী দেশের এ উন্নয়ন-অগ্রগতির পথে বাধা সৃষ্টি করতে চায়। তাদের দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করতে জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা বজায় রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিতে হবে।’