চট্টগ্রামে শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু, স্ত্রী আটক

মো. মামুন নামের এই শিক্ষানবিশ আইনজীবীর লাশ উদ্ধার করা হয়েছে
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে শহরে নিজের ঘর থেকে এক শিক্ষানবিশ আইনজীবীর লাশ উদ্ধার হয়েছে। তাঁর নাম মো. মামুন (২৬)। গতকাল বুধবার রাতে নগরের চকবাজার থানার ডিসি রোডের মিয়ার বাপের মসজিদ এলাকার একটি ভবন থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। মামুন কক্সবাজার জেলার চকরিয়া থানার ওসমান চৌধুরীপাড়ার জামাল উদ্দীনের ছেলে। তিনি চট্টগ্রাম আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার আজ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বলেন, স্নাতক সম্মান প্রথম বর্ষে পড়া এক নিকটাত্মীয়কে বিয়ে করেছিলেন মামুন। বিয়ের পর থেকে দুজনের মধ্যে দাম্পত্য কলহ ছিল। মামুনের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

ওসি আরও বলেন, এ ঘটনায় মামুনের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা হয়েছে। তাঁর স্ত্রী তানিয়া আক্তারকে এ মামলায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর মুখেও আঘাতে চিহ্ন আছে। জিজ্ঞাসাবাদে স্ত্রী বলেছেন, বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন মামুন।

মামুনের সহপাঠী নাছির আলী সাংবাদিকদের বলেন, বিয়ের পর মামুন ও তাঁর স্ত্রী ডিসি রোডের একটি ভবনের চিলেকোঠায় থাকতেন। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী শিক্ষানবিশ আইনজীবী মামুনের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।