
পবিত্র রমজান মাস মানেই পরিবার-পরিজন আর বন্ধুবান্ধব নিয়ে ইফতারের আয়োজন আর ঈদকে সামনে রেখে পারস্পরিক সম্প্রীতি দৃঢ় করে তোলা। পাশাপাশি বাহারি সব ইফতারের পদে বছরের এ সময়টির আমেজ একেবারেই ভিন্ন রূপে ধরা দেয় আমাদের কাছে। ব্যস্ততার কারণে অনেকেই বাড়িতে সময় নিয়ে ইফতার তৈরি করতে পারেন না। অনেকে আবার নতুন রেস্তোরাঁর খাবার চেখে দেখতেও ভালোবাসেন। এসব দিক মাথায় রেখে রমজান মাস এলেই রেস্তোরাঁগুলো নতুন আয়োজনে, নতুন উদ্যোমে হাজির হয়।
তাই, নিয়মিত ফুড ডেলিভারির পাশপাশি এবারের রমজানে রোজাদারদের জন্য ইফতারের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে ফুডপ্যান্ডা আয়োজন করেছে ‘গ্র্যান্ড ইফতার টেকঅ্যাওয়ে ফেস্ট’। ঢাকায় দীর্ঘদিন ধরে ইফতারের জন্য প্রসিদ্ধ এমন পুরোনো রেস্তোরাঁ থেকে শুরু করে নতুন কিন্তু জনপ্রিয় এমন দোকানের খাবার এখন মিলছে ফুডপ্যান্ডা আয়োজিত এ উৎসবে, এক ছাদের নিচেই।
বনানীর ডিএনসিসি ফুডকোর্টে ফুডপ্যান্ডা আয়োজিত এ উৎসবটি চলছে প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত। একই সময়ে ফুডপ্যান্ডা অ্যাপেও সচল থাকে এ আয়োজনের সুইমলাইন। উৎসবটি চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। উৎসবে অংশ নেওয়া ঐতিহ্যবাহী সব রেস্তোরাঁ থেকে ইফতারের জন্য ভেন্যু থেকে তাঁদের পছন্দের খাবার পিকআপ করা কিংবা বাসায় বসে ডেলিভারি নেওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।
সাধ ও সাধ্য অনুযায়ী কমবেশি সবাই চেষ্টা করে প্রতিদিনের ইফতারে নিয়মিত খাবারের পাশাপাশি কিছু বিশেষ খাবার রাখতে, যার মধ্যে জিলাপি অন্যতম। পুরো রমজানজুড়েই এর চাহিদা ব্যাপক। রমজান মাসে জিলাপির কথা উঠলেই সবার আগে চলে আসে জয়পুর সুইটসের নাম। বনানীর ফুডকোর্টে আয়োজিত এ উৎসবে অংশ নিয়েছে জয়পুর সুইটস।
মচমচে রেশমি জিলাপির জন্য বিখ্যাত জয়পুর সুইটসে তাই রমজানের শুরু থেকেই ভিড় লেগে থাকে। ধানমন্ডিতে অবস্থিত জয়পুর সুইটসের স্টলে জিলাপি কিনতে ভিড় করেন ঢাকা শহরের বিভিন্ন প্রান্তের মানুষরা। গুলশান-বনানীসংলগ্ন এলাকার ফুডপ্যান্ডা ব্যবহারকারীরা এ রমজানে সহজেই ধানমন্ডির জয়পুর সুইটস থেকে তাদের পছন্দের খাবার কেনার সুযোগ পাচ্ছেন। ভেন্যু থেকে পিকআপ করা ছাড়াও ঘরে বসেই অর্ডার করতে পারছেন এ অঞ্চলের ক্রেতারা।
সাধারণ জিলাপি আর রেশমি জিলাপি তৈরি প্রক্রিয়ায় কিছুটা ভিন্নতা রয়েছে। আকৃতির জন্য সাধারণ জিলাপি মচমচে করা কঠিন। কিন্তু রেশমি জিলাপি হয়ে থাকে মচমচে। কারণ, এ জিলাপি তৈরিতে ময়দার সঙ্গে যোগ করা হয় পোলাওয়ের চালের গুঁড়া। জিলাপির স্বাদে বৈচিত্র্য আর মচমচে রাখার জন্য দেশে প্রথমবারের মতো রেশমি জিলাপি নিয়ে আসে জয়পুর সুইটস। তাই, এ রেস্তোরাঁটির জিলাপি খ্যাতি রয়েছে ঢাকা শহরজুড়েই।
জিলাপির পাশপাশি মিষ্টান্নপ্রেমীদের জন্য ফুডপ্যান্ডার এ উৎসবে নিজেদের স্টলে জয়পুর সুইটস আরও নিয়ে এসেছে সুস্বাদু দই আর বুন্দিয়া। পাশপাশি মিলছে বিফ হালিম, মাটন হালিম, চিকেন শাসলিক, বারবিকিউ চিকেন উইংস আর আলুর চপের মতো মুখরোচক সব আইটেম। মাত্র ১০০ থেকে ৪০০ টাকার মধ্যেই জয়পুর সুইটস থেকে এসব খাবার অর্ডার করতে পারছেন ক্রেতারা। পাশাপাশি ‘গ্র্যান্ড ইফতার টেকঅ্যাওয়ে ফেস্টে’র বনানী ডিএনসিসি ফুডকোর্ট ভেন্যু থেকে সরাসরি পিকআপ নিতে পারছেন।
‘আমি প্রায়ই ফুডপ্যান্ডার অ্যাপ ব্যবহার করে খাবার অর্ডার করে থাকি। ডিএনসিসি ফুডকোর্টে ফুডপ্যান্ডা ইফতার উৎসবের আয়োজন করেছে শুনে ঘুরতে আসলাম। বেশ গোছানো, পরিচ্ছন্ন। ভালোই লেগেছে।’ বলছিলেন বনানী ১৮ নং রোডের বাসিন্দা শহীদুল ইসলাম। পেশায় ব্যবসায়ী শহীদুল ইসলাম বলেন, ‘এ উৎসবের পিকআপ সুবিধার কারণে খুব দ্রুতই পেয়ে গেলাম জয়পুর সুইটসের জিলাপি। আমার দুই ছেলেই এই জিলাপি খুব পছন্দ করে।’
কিশোর–বয়সী নাতিকে নিয়ে বিকেলে হাঁটতে বের হয়ে লোক সমাগম দেখে ডিএনসিসি ফুডকোর্টে ঘুরে দেখতে এসেছিলেন মনোয়ারা বেগম। তিনি বলেন, ‘ফুডপ্যান্ডায় পিকআপ সম্পর্কে জানতাম না। এখানকার স্বেচ্ছাসেবকরা বেশ যত্ন করে ফুডপ্যান্ডার মাধ্যমে কীভাবে পিকআপ দিয়ে অর্ডার করতে হয়, তা শিখিয়ে দিলেন। আমার নাতি এ বছর প্রথম রোজা রাখছে, তাই ওর জন্য পছন্দের খাবার নিয়ে যাব।’
ডিএনসিসি ফুডকোর্টে কর্মরত এক স্বেচ্ছাসেবক জানালেন, জয়পুর সুইটস ছাড়াও বনানীর এ উৎসবে অংশ নিয়েছে ডিসেন্ট পেস্ট্রি শপ, ধানমন্ডির বারবিকিউ টুনাইট, ঢাকা মেট্রো, তার্কা, ট্রাই স্টেট ইটারি, ইফতারওয়ালা, সুলতানস ডাইনস, হাজি নান্না, জ্যাকসন ফ্রাইড চিকেনের মতো নামকরা সব রেস্তোরাঁ। এ ছাড়াও ধানমন্ডির সীমান্ত স্কয়ারেও অনুষ্ঠিত হচ্ছে ফুডপ্যান্ডার ‘গ্র্যান্ড ইফতার টেকঅ্যাওয়ে ফেস্ট’।