কীভাবে ছিনতাই করতে হবে, সে কৌশল শিখিয়ে দিয়েছিলেন তিনি। সেভাবেই দুই ব্যক্তির কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা ছিনিয়ে নেন তাঁর সহযোগীরা। পরে তিনিই আবার ফেসবুকে গিয়ে ছিনতাইয়ের ঘটনার নিন্দা জানান, গ্রেপ্তারের দাবি করেন জড়িত ব্যক্তিদের। ওই ব্যক্তির নাম একরামুল আলম। তাঁকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম নগরের ব্যস্ততম রিয়াজ উদ্দিন বাজার এলাকায় গত রোববার ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে গতকাল সোমবার রাতে ছিনতাইয়ে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। একই দিনে নগরের সদরঘাট এলাকা থেকে একরামুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ছিনতাই হওয়া টাকার মধ্যে ৬ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, একরামুল রিয়াজ উদ্দিন বাজারে পলিথিন বিক্রি করতেন। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির দুটি মামলা রয়েছে। তবে ফেসবুকে নিজেকে চট্টগ্রাম নগর যুবলীগের যুব সংগঠক হিসেবে পরিচয় দিয়েছেন একরামুল। নিজেকে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের রিয়াজ উদ্দিন বাজার শাখার সাধারণ সম্পাদক হিসেবেও উল্লেখ করেছেন। গত ঈদে ফেসবুকে সরকারদলীয় কয়েকজন নেতাকে শুভেচ্ছাও জানান তিনি।
রোববার দুপুরে এক ব্যবসায়ীর দুই কর্মচারী ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন। রিয়াজ উদ্দিন বাজার এলাকায় পৌঁছালে তাঁদের ঘিরে ছয়–সাতজন যুবক ইচ্ছাকৃতভাবে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় কৌশলে দুজনের কাছে থাকা ৯ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেন তাঁরা। আশপাশে লোকজন বুঝতেও পারেননি ছিনতাই হচ্ছে। সেদিন রাতে এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় মামলা করা হয়।
নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেছেন, ছিনতাইয়ের ঘটনায় একরামুল আলম, সাহেদ হোসেন, মো. ইয়াছিন ও ইকবাল হোসেন নামের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। বড় ব্যবসায়ীদের ব্যাংক লেনদেনের খোঁজখবর রাখতেন তাঁরা। পরে পরিকল্পনা অনুযায়ী হাতাহাতির ছলে টাকা ছিনিয়ে নিতেন। একরামুলের বিরুদ্ধে চাঁদাবাজির দুটি, সাহেদের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির সাতটি এবং ইয়াছিনের বিরুদ্ধে ছিনতাইয়ের একটি মামলা রয়েছে।
গ্রেপ্তার চারজনকে আজ মঙ্গলবার আদালতে নিয়ে রিমান্ডের আবেদন করা হয়। আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে আগামীকাল বুধবার শুনানির দিন ধার্য করেছেন বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির। তিনি প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে সাহেদকে নগরের বায়েজিদ বোস্তামী মাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছে ছিনতাইয়ের ৪০ হাজার টাকা পাওয়া যায়। পরে তাঁদের তথ্যের ভিত্তিতে ইয়াছিন ও ইকবালকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে সাহেদ, ইয়াসিন ও ইকবাল জানান, একরামুলের পরিকল্পনা অনুযায়ী রোববার তাঁরা ছিনতাই করেছিলেন। ছিনতাই করা ৯ লাখ ৮০ হাজার টাকা তাঁরা একরামুলের কাছে জমা দেন। সেখান থেকে কিছু টাকা তাঁদের দিয়ে বাকিটা নিজের কাছে রেখে দেন একরামুল। ওসি জাহিদুল বলেন, ছিনতাইয়ে ৮ থেকে ১০ জন অংশ নিয়েছিলেন। তাঁদের সবাইকে গ্রেপ্তার করতে এবং বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে।
এদিকে ছিনতাইয়ের পর নিজের ওপর মানুষের সন্দেহ এড়াতে একরামুল নানা পরিকল্পনা করেছিলেন বলে জানান পুলিশ কর্মকর্তা সাহেদ। তিনি বলেন, ছিনতাইয়ের পর একরামুল ওই ঘটনার নিন্দা জানিয়ে তাঁর ফেসবুকে পোস্ট করেন। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিও জানান। এমনকি রিয়াজ উদ্দিন বাজারে ব্যবসায়ীদের নিয়ে মানববন্ধনেরও পরিকল্পনা করেন।