দেশের ১২০ জন বিশিষ্ট নাগরিক বিবৃতি দিয়ে বলেছেন, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়েরের পর থেকেই একটি বিশেষ মহল পত্রিকাটির বিরুদ্ধে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের মনগড়া অভিযোগ এনে নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে আসছে। তাদের এই কার্যক্রম শুধু প্রথম আলো নয়, দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার ওপর আক্রমণের শামিল।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ১২০ জন নাগরিক এসব কথা বলেন।
সাংবাদিক ও লেখক এহসান মাহমুদের পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, প্রথম আলো অনলাইনে প্রকাশিত একটি সংবাদের জেরে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান ও নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান সম্প্রতি আদালত থেকে জামিন পেয়েছেন। এই মামলায় তাঁদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা এখনো বিচারাধীন এবং অপ্রমাণিত অবস্থায় রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, মামলা দায়েরের পর থেকেই একটি বিশেষ মহল পত্রিকাটির বিরুদ্ধে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের মনগড়া অভিযোগ এনে পত্রিকাটির নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে আসছে। তাদের এই কার্যক্রম শুধু প্রথম আলো নয়, দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার ওপর আক্রমণের শামিল।
গণতন্ত্র, মানবাধিকার ও মুক্তচিন্তার প্রতি শ্রদ্ধাশীল কোনো মহল সংবাদমাধ্যমের বিরুদ্ধে খড়্গহস্ত হওয়ার উদ্যোক্তা বা সমর্থক হতে পারে না বলে মন্তব্য করেছেন বিবৃতিদাতারা।
বিবৃতিতে বিশিষ্ট এই নাগরিকেরা গণমাধ্যমের কণ্ঠরোধের যেকোনো চেষ্টার নিন্দা জানান। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও মতপ্রকাশের স্বাধীনতার সুরক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান। সর্বোপরি দেশের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের পাশাপাশি জনসাধারণকেও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য সোচ্চার হতে আহ্বান ও অনুরোধ জানান তাঁরা।
বিবৃতিদাতারা হলেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী, আইনজীবী জেড আই খান পান্না, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, মানবাধিকারকর্মী খুশী কবির, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, অধ্যাপক আসিফ নজরুল, আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, অর্থনীতিবিদ আনু মুহাম্মদ, সাবেক কূটনীতিক সাকিব আলী, অধ্যাপক খলিকুজ্জামান ইলিয়াস, অধিকারকর্মী ফরিদা আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তানজীম উদ্দিন খান, অধ্যাপক মোহাম্মদ আজম, শিক্ষক মোশাহিদা সুলতানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মানস চৌধুরী, অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক মো. জামাল উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সালেহ হাসান নকিব, অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম নছরুল কদির, সহযোগী অধ্যাপক মাইদুল ইসলাম, লেখক–গবেষক জিয়া হাসান, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিশেষজ্ঞ সুলতান মোহাম্মদ জাকারিয়া, কথাসাহিত্যিক ওয়াসি আহমেদ ও আফসানা বেগম, মানবাধিকারকর্মী রেজাউর রহমান লেলিন, আইনজীবী অনীক আর হক, কবি টোকন ঠাকুর, কবি ও কথাসাহিত্যিক চঞ্চল আশরাফ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আব্দুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব এম এ আজিজ, কবি আবদুল হাই শিকদার, সাংবাদিক মাসুদ কামাল, সাংবাদিক ও গবেষক সায়দিয়া গুলরুখ, কবি ও অনুবাদক রাজু আলাউদ্দিন, গবেষক কল্লোল মোস্তফা, লেখক ও অ্যাকটিভিস্ট পারভেজ আলম, লেখক ফাহাম আবদুস সালাম, অ্যাকটিভিস্ট বাকি বিল্লাহ, লেখক ও অনুবাদক লুনা রুশদী, কথাসাহিত্যিক ও অনুবাদক আলভী আহমেদ, লেখক ও শিক্ষক উম্মে ফারহানা, নারী অধিকারকর্মী মাহফুজা মালা, লেখক ও সাংবাদিক বীথি সপ্তর্ষি, কথাসাহিত্যিক হামীম কামরুল হক, কবি সালেহীন শিপ্রা, শিক্ষক ও অনুবাদক জি এইচ হাবীব, প্রকৌশলী ও টেকসই উন্নয়নবিষয়ক লেখক ফয়েজ আহমদ তৈয়্যব, কবি ও সম্পাদক শওকত হোসেন, প্রাবন্ধিক ও গবেষক আরশাদ সিদ্দিকী, কবি ও সাংবাদিক ফারুক ওয়াসিফ ও মাহবুব আজিজ, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মারুফ মল্লিক, কানাডাপ্রবাসী লেখক ও গবেষক মঞ্জুরে খোদা, যুক্তরাষ্ট্রের ফ্লামিংহাম স্টেট ইউনিভার্সিটির কমিউনিকেশন মিডিয়া অ্যান্ড পারফরম্যান্স বিভাগের শিক্ষক জাহেদ আরমান, আইনজীবী মোহসীন রশিদ, চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুতাসিম বিল্লাহ নাসির, শিল্পী অরূপ রাহী, রাজনীতিবিদ ফিরোজ আহমেদ, জলি তালুকদার, নির্মাতা আশফাক নিপুণ, চলচ্চিত্র নির্মাতা শ্যামল শিশির, বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইমুম পারভেজ, বাংলাদেশ ফ্যাক্ট চেক এডিটর কদরুদ্দীন শিশির, নারীগ্রন্থ প্রবর্তনার পরিচালক সাইদা আখতার, চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান, কবি-প্রাবন্ধিক আহমেদ স্বপন মাহমুদ, প্রাবন্ধিক ও সাংবাদিক ধ্রুব সাদিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্নিগ্ধা রেজওয়ানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাতেমা সুলতানা, কবি ও গায়ক মুয়ীয মাহফুজ, কথাসাহিত্যিক গাজী তানজিয়া ও পাপড়ি রহমান, গায়ক অমল আকাশ, কথাসাহিত্যিক ও সাংবাদিক মাহবুব মোর্শেদ, এহসান মাহমুদ ও সালাহ উদ্দিন শুভ্র, প্রকাশক মাহাবুব রাহমান, শিল্পী কৃষ্ণকলি ইসলাম, চিত্রশিল্পী এ এইচ চঞ্চল, আইনজীবী জিশান মহসিন, নূরে এরশাদ সিদ্দিকী, তাজুল ইসলাম, যুবায়ের আহমেদ ভূইয়া, আসাদুজ্জামান ফুয়াদ, সংগঠক ও বিতার্কিক জাফর সাদিক, অধিকারকর্মী ও গবেষক রোজীনা বেগম, লেখক ও অ্যাকটিভিস্ট দিলশানা পারুল, বাংলাদেশ ইন্টেলেকচুয়াল নেটওয়ার্কের সংগঠক আরিফুল ইসলাম আদীব, পেশাজীবী অধিকার পরিষদের আহ্বায়ক জাফর মাহমুদ, নারী সংগঠক ও মানবাধিকারকর্মী নাসরীন সুলতানা, অ্যাকটিভিস্ট ও সাংস্কৃতিক কর্মী নুসরাত জাহান, লেখক ও সাহিত্যিক রবিউল করিম মৃদুল, লেখক ও গবেষক জাকারিয়া পলাশ, লেখক ও বিশ্লেষক সোহেল রানা, কবি ও সাংবাদিক শিমুল সালাহ্উদ্দিন, লেখক ও অ্যাকটিভিস্ট তুহিন খান, লেখক ও নারী অধিকারকর্মী ফেরদৌস আরা রুমী, লেখক ও অ্যাকটিভিস্ট সহুল আহমদ, চলচ্চিত্র নির্মাতা জায়েদ সিদ্দিকী, লেখক ও গবেষক এ টি এম গোলাম কিবরিয়া, লেখক ও শিক্ষা আন্দোলনকর্মী রাখাল রাহা, চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন, আইনজীবী মোহা. নবায়ন পারভেজ, অভিনয় শিল্পী বন্যা মির্জা, কবি ও অনুবাদক রনক জামান, কবি-গদ্যকার বায়েজিদ বোস্তামী, লেখক ও সাংবাদিক তন্ময় ইমরান, লেখক ও শিক্ষক হেলাল মহিউদ্দীন এবং অনুবাদক ও লেখক রওশন জামিল।