জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পুলিশের ওপর আইইডি হামলা

মালির ম্যাপ
ফাইল ছবি এএফপি

মালির জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের টহল টিমের গাড়িবহরে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলার ঘটনা ঘটে। রোববার স্থানীয় সময় সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছেন। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ সদস্যদের বহনকারী আর্মাড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)।

গতকাল সোমবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্র জানায়, ব্যানএফপিইউ-২ এর টহল টিমটি মালির তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম সুপার ক্যাম্প হতে আনুমানিক ১৫ কিলোমিটার দূরে গুন্দাম-তংকা-নিয়াফুংকে হাইওয়ের পাহাড়সংলগ্ন নির্জন মরুভূমির রাস্তায় পৌঁছালে এ ঘটনা ঘটে। টহল দায়িত্বে নিয়োজিত পুলিশ শান্তিরক্ষীরা রাস্তার মাঝখানে একটি সন্দেহজনক গর্ত দেখতে পান। তাঁরা কৌশলে গর্তটি অতিক্রম করার সময় আইইডিটি বিস্ফোরিত হয়।

পুলিশ শান্তিরক্ষীদের বুদ্ধিমত্তা এবং তাঁদের বহনকারী এপিসিটি উচ্চমাত্রার বিস্ফোরণ প্রতিরোধে সক্ষম হওয়ায় তারা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান। এর আগেও ওই এলাকাটিতে বেশ কয়েকটি আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।