
ঢাকায় পুলিশ সদর দপ্তরে গিয়ে শীর্ষস্থানীয় এক কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দল। আজ সোমবার দুপুরে পুলিশ সদর দপ্তরে যান প্রতিনিধিদলের সদস্যরা।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মো. কামরুল আহসানের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ হয়। বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) মনজুর রহমান প্রথম আলোকে বলেন, বাংলাদেশ সফররত ইইউ প্রতিনিধিদলের সদস্যরা তাঁদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন।
নির্বাচন বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না, সে প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈঠকে নির্বাচন বিষয়ে আলোচনা হয়নি।
বাংলাদেশে জাতীয় নির্বাচনের পরিবেশ ও নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় ইইউর নির্বাচনসংক্রান্ত তথ্যানুসন্ধানী এই দল গত শনিবার ১৬ দিনের সফরে ঢাকায় আসে। প্রতিনিধিদলের মূল কাজ হবে নির্বাচন পর্যবেক্ষণ মিশনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট, নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় মূল্যায়ন করা।
পর্যবেক্ষক দলটি গতকাল রোববার তাদের কার্যক্রম শুরু করে। এদিন ছয় সদস্যের প্রতিনিধিদলটি ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি বেশ কয়েকটি দেশের কূটনীতিক ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সঙ্গে আলাদা একাধিক বৈঠক করে।
প্রতিনিধিদলের সদস্যরা আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গেও বৈঠক করেছেন।
ইইউর প্রতিনিধিদলটি বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ে বৈঠক করবে বলে জানা গেছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় রয়েছে। এ ছাড়া নির্বাচন কমিশন, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতা, নাগরিক সমাজ, গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও ইইউ প্রতিনিধিদলের কয়েক দফা বৈঠকের কথা রয়েছে।
ঢাকা সফরের পর প্রতিনিধিদলটি যে প্রতিবেদন দেবে, তার ওপর ভিত্তি করে আগামী জাতীয় নির্বাচনে ইইউ পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেপ বোরেল আগামী সেপ্টেম্বরে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।