ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি
ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও ইরানের দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির জন্য আরও বেশি উদ্যোগ নেওয়া জরুরি। সোমবার বিকেলে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ফোন করলে প্রধানমন্ত্রী এ অভিমত ব্যক্ত করেছেন।

দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রকৃত সম্ভাবনার অনেক নিচে রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের চেম্বার সংস্থার মধ্যে একটি জয়েন্ট বিজনেস কমিশন (জেবিসি) গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী নিয়মিত যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠকের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। বাংলাদেশ চলতি বছরের কোনো এক সময়ে তেহরানে ষষ্ঠ বৈঠক আহ্বান করার জন্য কাজ করছে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন যে জেইসি প্ল্যাটফর্ম উভয় পক্ষকে বাণিজ্য বাধা, বিদ্যমান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং ব্যাংক লেনদেনে বিধিনিষেধগুলো কাটিয়ে ওঠার উপায় অন্বেষণ করতে সহায়তা করবে।

শেখ হাসিনা আরও বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের দৃঢ় ভিত্তি হচ্ছে উভয় দেশের অভিন্ন ইতিহাস, বিশ্বাস ও সংস্কৃতি। বাংলাদেশের ক্রমবর্ধমান উৎপাদন সক্ষমতার কথা তুলে ধরে তিনি বলেন, তাঁর দেশ পরিমাণগত মূল্যে মানসম্মত আমদানির উৎস হতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ পশ্চিমা দেশে, বিশেষ করে ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের বাজারগুলোতে বিশ্বমানের পোশাক, টেক্সটাইল পণ্য, চিনামাটির বাসন, ওষুধ, হিমায়িত মাছ ও সামুদ্রিক খাবার, চামড়াজাত পণ্য, পাট, আইটি, হালকা প্রকৌশল, ছোট ও মাঝারি আকারের জাহাজ, কৃষিপণ্য এবং আরও অনেক কিছু রপ্তানি করে আসছে। ইরানেও সেসব পণ্য রপ্তানি করতে বাংলাদেশের আগ্রহ ও সক্ষমতার কথা ব্যক্ত করেন তিনি।

টেলিকনফারেন্স চলাকালে শেখ হাসিনা স্মরণ করেন যে বাংলাদেশ ও ইরান ওআইসি এবং ডি-৮ এর সদস্য হওয়ায় অনেক সময় একে অপরকে সমর্থন করেছে।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইসিওএসওসি) প্রস্তাবে বাংলাদেশ নারীর মর্যাদা কমিশন থেকে ইরানকে অপসারণ করার বিষয়ে ভোটদান থেকে বিরত থেকেছে। ইসলামে নারী-পুরুষের সমান আচরণের বিষয়ে শেখ হাসিনা ইরানের নারীরা যাতে শিক্ষার সমান সুযোগসহ মর্যাদা ও সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন এবং তাঁদের পুরুষ সহকর্মীদের সঙ্গে কাজ করতে পারেন, তা নিশ্চিত করার জন্য ইরানের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান।

সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার জন্য ইরানকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এটি সফল কূটনৈতিক কৌশলের একটি ক্ল্যাসিক উদাহরণ, যা উপসাগরীয় অঞ্চলে এবং তার বাইরেও বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতার দিকে পরিচালিত করবে।

ইরানের প্রেসিডেন্ট ও সে দেশের ভ্রাতৃপ্রতিম জনগণের জন্য একটি রহমতপূর্ণ ও শান্তিপূর্ণ রমজান মাস কামনা করেন শেখ হাসিনা। এ সময় নওরোজ উৎসবের শুভেচ্ছা জানান তিনি। বাংলাদেশের স্বাধীনতা দিবসে উষ্ণ শুভেচ্ছা জানানোর জন্য রাইসিকে ধন্যবাদ জানান।

দীর্ঘ ২২ মিনিট টেলিফোন কথোপকথন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইরানের প্রেসিডেন্টকে সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি তাঁকে এবং ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন।