শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

আদালত
প্রতীকী ছবি

আড়াই বছর আগে চট্টগ্রাম নগরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো. জামাল (৫৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ চট্টগ্রামের বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি খন্দকার আরিফুল আলম প্রথম আলোকে বলেন, আদালত আসামি জামালকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের ৭ নভেম্বর নগরের পতেঙ্গা থানাধীন এলাকায় ওই শিশুকে চিপস দেওয়ার কথা বলে দোকানের ভেতর নিয়ে যান স্থানীয় দোকানদার জামাল। সেখানে শিশুটির ধর্ষণের শিকার হয়। অসুস্থ হয়ে শিশুটি বাসায় ফিরে এলে বিষয়টি জানাজানি হয়। ওই দিন রাতেই শিশুটির বাবা বাদী হয়ে পতেঙ্গা মডেল থানায় মামলা করেন। ঘটনার দিন রাতেই পুলিশ জামালকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে পুলিশ একই বছরের ২৮ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেয়। ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি আসামি জামালের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করেন আদালত। ছয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন, রায় ঘোষণার সময় হাজির ছিলেন আসামি জামাল। পরে আদালতের নির্দেশে তাঁকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।