
চট্টগ্রামে এক ছাত্রদল কর্মীকে অপহরণ, ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে দুই পুলিশ সদস্যসহ ১২ জনের বিরুদ্ধে করা অভিযোগ অনুসন্ধানের আদেশ দিয়েছেন আদালত। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৭–এর বিচারক ফেরদৌস আরা এই আদেশ দেন।
মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রণজিত, অজ্ঞাতপরিচয় একজন পুলিশ কনস্টেবল, স্থানীয় বাসিন্দা মো. রহমান, মো. পাভেল, মো. নোবেল, মো. কামরুল, মো. মিঠু, মো. রাসেল, মো. সুমন ও মো. শাহাদাত।
বাদীপক্ষের আইনজীবী জহুরুল আলম প্রথম আলোকে বলেন, গত ২৬ জুন আদালতে মামলা নেওয়ার আবেদন করা হয়। আদালত সোমবার শুনানির জন্য রাখেন। শুনানি শেষে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাটি অনুসন্ধান করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৪ জুন চট্টগ্রাম নগরে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত ‘তারুণ্যের সমাবেশ’ শেষে একটি সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফিরছিলেন বাদী। পথে মিরসরাইয়ের মিঠাছড়া এলাকায় অটোরিকশাটি ঘেরাও করেন রহমানসহ ছয় আসামি। এরপর তাঁরা গাড়িতে উঠে বাদীকে মিঠাছড়া বাজারের পশ্চিম দিকে নিয়ে যেতে থাকেন।
এ সময় অভিযুক্ত ব্যক্তিরা বাদীর শ্লীলতাহানি করেন। পরে শাহাজি বাজারে আসামি রাসেলের দোকানে নামিয়ে বাদীকে মারধর করা হয়। আসামি কামরুল ধর্ষণের চেষ্টা করেন। পরে মামলায় ফাঁসানোর কথা বলে জোরারগঞ্জ থানায় ফোন করেন আসামিরা। পুলিশ এসে বাদীকে অটোরিকশায় করে থানায় নিয়ে যায়। এ সময় গাড়িতে থাকা দুই পুলিশ সদস্য শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করেন। পরে থানায় নিয়ে বাদীকে আপত্তিকর প্রস্তাব দেন। রাজি না হওয়ায় নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয় পরদিন। ১৯ জুন জামিন পান বাদী।
এ অভিযোগের বিষয় জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, নগরে সমাবেশ থেকে ফেরার পর সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় এক ছাত্রদল কর্মীকে আটক করেন লোকজন। খবর পেয়ে তাঁকে থানায় নিয়ে আসা হয়। রনজিত নামে থানায় কোনো পুলিশ সদস্যই নেই। ওই ছাত্রদল কর্মীকে গত বছরের ডিসেম্বরে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের ঘটনায় করা নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।