ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আনারস পাঠিয়েছেন
ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আনারস পাঠিয়েছেন

প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কিউভেরাইটি জাতের আনারস পাঠিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৭৫০ কেজি আনারস উপহার হিসেবে পাঠানো হয়।

মানিক সাহা ভারতের ত্রিপুরা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। ত্রিপুরার একটি বাগান থেকে মোট ১০০টি প্যাকেটে ৭৫০ কেজি আনারস বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মানিক সাহার পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো হয়।

আজ বেলা পৌনে ১১টার দিকে আখাউড়া-আগরতলা সীমান্তের শূন্যরেখায় ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের হর্টিকালচার সেন্টারের সহকারী পরিচালক দীপক বৈদ্যের নেতৃত্বে প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহারস্বরূপ আনারসগুলো নিয়ে আসে। ১০০টি কার্টনে মোট ৭৫০ কেজি আনারস ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রামের অ্যাটাচে মণীশ সিংয়ের হাতে তুলে দেওয়া হয়। ভারতীয় হাইকমিশন উপহারস্বরূপ আনারসগুলো প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবে।

এর আগে গত ২০ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৮০০ কেজি আম্রপালি জাতের আম পাঠিয়েছিলেন।

ত্রিপুরার ফ্রুট কালচারের সহকারী পরিচালক দীপক বৈদ্য বলেন, ‘দুই দেশের মধ্যে উজ্জ্বল দৃষ্টান্তের বহিঃপ্রকাশ হচ্ছে হচ্ছে ফল আদান-প্রদান। আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহারস্বরূপ আনারস পাঠাচ্ছেন। এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠিয়েছিলেন। আমরা এ আনারস পাঠিয়ে গর্ববোধ করছি। আশা করছি, এর মাধ্যমে দুই দেশের মধ্যে সম্প্রীতি আরও বাড়বে এবং উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের আরও উন্নতি ঘটবে।’

আনারসগুলো হস্তান্তরের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা স্থলবন্দরের ব্যবস্থাপক দেবাশীষ নন্দী, আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা আনিসুল হক ভূঁইয়া, আগরতলা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা প্রাণেশ ধর, ত্রিপুরার ১২০ বিএসএফ ইনচার্জ এসআই সুরেশ শিং, আখাউড়া আইসিপি ইনচার্জ সুবেদার কামাল হোসেন, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ আবু বক্কর প্রমুখ।