প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো কক্সবাজার সফরে যাচ্ছেন তারেক রহমান
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো কক্সবাজার সফরে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার কক্সবাজার যাচ্ছেন

এক দিনের সফরে শনিবার সকালে কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানিয়েছেন।

আতিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার বিমানযোগে কক্সবাজার যাবেন। কক্সবাজার নেমে সড়কপথে চকরিয়ায় পিএমখালীতে পাতলী খাল পুনঃখনন, মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। রাতের ফ্লাইটেই তিনি ঢাকায় ফিরবেন।’

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কক্সবাজারে তারেক রহমানের এটি প্রথম সফর। দিনের কর্মসূচি অনুযায়ী ভিত্তি প্রস্তরস্থাপন অনুষ্ঠান এবং বিকেলে চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভা, সন্ধ্যায় সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান মেরিন ড্রাইভ সড়ক ঘুরে দেখবেন। প্রধানমন্ত্রী কক্সবাজারবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী নতুন উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।