‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন’ করা হয় ২০১০ সালে। এ আইনের আওতায় নেওয়া কোনো সিদ্ধান্ত নিয়ে আদালতে যাওয়া যাবে না। তাই এটি ‘দায়মুক্তি’ আইন নামে পরিচিতি পেয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের ‘দায়মুক্তি’ আইনের মেয়াদ বাড়ানোর কড়া সমালোচনা করেছেন বিশিষ্টজনেরা। তাঁরা বলেছেন, ‘দায়মুক্তি’ আইনটি প্রথমে পাঁচ বছরের জন্য করা হয়েছিল। কিন্তু কিছু লোককে সুবিধা দিতে এর মেয়াদ কয়েক দফায় বাড়িয়ে ১৫ বছর করা হয়েছে। বিদ্যুৎ-জ্বালানি খাতে বিশেষজ্ঞরা উপেক্ষিত থাকছে। এ ছাড়া প্রাথমিক জ্বালানির (গ্যাস, কয়লা, জ্বালানি তেল) জোগান নিশ্চিতে টেকসই পরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে সরকারের ব্যর্থতা বিদ্যুৎ খাতের অন্যতম প্রধান সমস্যা বলে মনে করেন তাঁরা।
‘চলমান বিদ্যুৎ–সংকট: কেন তৈরি হলো? উত্তরণ কীভাবে?’ শীর্ষক ওয়েবিনারে বিশিষ্টজনদের আলোচনায় এসব বিষয় উঠে এসেছে। তাঁদের মধ্যে রয়েছেন জ্বালানিবিশেষজ্ঞ, অধ্যাপক ও প্রকৌশলী। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ নামের একটি সংগঠন আজ শনিবার সকালে এই ওয়েবিনারের আয়োজন করে।
‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন’ করা হয় ২০১০ সালে। এর আওতায় জরুরি ভিত্তিতে বিদ্যুতের উৎপাদন ও সরবরাহ বাড়াতে দরপত্র ছাড়াই প্রকল্প নেওয়ার সুযোগ রাখা হয়েছে। এ আইনের আওতায় নেওয়া কোনো সিদ্ধান্ত নিয়ে আদালতে যাওয়া যাবে না। তাই এটি ‘দায়মুক্তি’ আইন নামে পরিচিতি পেয়েছে।
ওয়েবিনারে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার জ্বালানিবিষয়ক বিশেষ সহকারী ম. তামিম বলেন, বিদ্যুৎ–জ্বালানি খাতে বিশেষজ্ঞরা উপেক্ষিত হয়েছেন। জ্বালানি খাত আমদানিনির্ভর হওয়ার ঝুঁকি নিয়ে বিশেষজ্ঞরা সব সময়ই সতর্ক করেছেন। কিন্তু সিদ্ধান্ত হয়েছে রাজনৈতিকভাবে। ২০১০ সাল থেকে বিদ্যুৎ–জ্বালানি খাতে কোনো প্রকল্পের দরপত্র হয়নি। স্বচ্ছতার অভাব থাকায় এখন বিভিন্ন প্রশ্ন উঠছে। বিদ্যুৎ খাতে আংশিকভাবে হলেও দুর্নীতি আছে বলে মন্তব্য করেন তিনি।
বিদ্যুৎ-জ্বালানি খাতে স্বচ্ছতার অভাব থাকায় এখন বিভিন্ন প্রশ্ন উঠছে। বিদ্যুৎ খাতে আংশিকভাবে হলেও দুর্নীতি আছে।ম. তামিম, জ্বালানিবিশেষজ্ঞ
ম. তামিম বলেন, বর্তমানে জ্বালানি আমদানি করতে বছরে ১০ থেকে ১২ বিলিয়ন ডলার খরচ হয় (১০ বিলিয়ন ডলারে প্রায় ১ লাখ কোটি টাকা)। বিদ্যুৎ-জ্বালানি খাত মিলে বকেয়া জমেছে প্রায় দেড় বিলিয়ন ডলার। বিদ্যুৎ উৎপাদন খাতে এখন ৬৬ শতাংশ জ্বালানি আমদানি করতে হয়। ২০৩০ সালে এটি ৯০ শতাংশ হবে। তখন বছরে ২০ থেকে ২৫ বিলিয়ন ডলার প্রয়োজন হবে।
কিছু সুবিধাভোগীর জন্য বিদ্যুৎ খাতে করা দায়মুক্তি আইন এখনো চলছে, উল্লেখ করে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘জবাবদিহি ধ্বংস হয়ে গেলে এমনই হয়। ২০১৪ থেকে এটি বেড়েছে।’ তিনি বলেন, সংকট শুধু বিদ্যুৎ–জ্বালানি খাতেই নয়, দেশের অর্থনীতিতেও রয়েছে। অবস্থা তখনই ভালোর দিকে যাবে, যখন রাজনীতি ঠিক হবে।
ওয়েবিনারে নিবন্ধ উপস্থাপন করেন টেকসই উন্নয়নবিষয়ক গবেষক ও লেখক ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, বিদ্যুতের চাহিদার যথাযথ প্রক্ষেপণ, জ্বালানির মিশ্রণ ঠিক করা, কম দক্ষতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র বন্ধ করার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির জন্য পরিকল্পনা তৈরি করতে হবে। এ ছাড়া আন্তসীমান্ত বিদ্যুৎ সঞ্চালনে তাড়াহুড়া না করার পরামর্শ দিয়েছেন তিনি।
নিবন্ধে বলা হয়, ২০০৯-১০ সালে ৯০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হতো দেশীয় গ্যাস থেকে। এখন গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন ৫০ শতাংশের নিচে নেমে গেছে। এর মধ্যে আবার আমদানি করা গ্যাস আছে। এর জন্য দায়ী হলো বাপেক্সকে অকার্যকর করে রাখা ও সমুদ্রে গ্যাস অনুসন্ধানে গড়িমসি। এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানিতেও খোলাবাজারে ভরসা করায় বিপদ তৈরি করেছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের দায়মুক্তি আইন বাতিল করা না হলে দুর্নীতি ও অনিয়ম বন্ধ করা অসম্ভব বলে নিবন্ধে উল্লেখ করা হয়েছে।
গবেষক ও লেখক ফয়েজ আহমদ তৈয়্যবের নিবন্ধে বলা হয়, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবকে জ্বালানি সমস্যার জন্য দায়ী করছে সরকার। অথচ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন করোনা–পূর্ব সময়ের মতো হয়ে গেছে। কয়লা ও এলএনজির দাম যুদ্ধ শুরুর আগের দামের চেয়েও কম। তার মানে বিশ্ব পরিস্থিতি মূল সমস্যা নয়, সমস্যা হলো ডলারের রিজার্ভ না থাকা। বর্তমান রিজার্ভ দিয়ে বছরে ১০–১২ বিলিয়ন ডলার খরচ করে জ্বালানি আমদানি সম্ভব নয়। জ্বালানির অভাবে ২৭ শতাংশ বিদ্যুৎকেন্দ্র উৎপাদন করতে পারছে না। এ ছাড়া ২৩ শতাংশ বিদ্যুৎকেন্দ্র ভুগছে কারিগরি সমস্যায়। এর বাইরে নিয়মিত রক্ষণাবেক্ষণ আছে। সব মিলিয়ে মাত্র ৩৫ শতাংশ বিদ্যুৎকেন্দ্র শতভাগ উৎপাদন ঠিকঠাক চলছে।
ওয়েবিনারে আরও বক্তব্য দেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ–এর শিক্ষক জাহেদ উর রহমান, শেয়ারবিজ পত্রিকার নির্বাহী সম্পাদক মো. ইসমাইল আলী। ওয়েবিনার সঞ্চালনা করেন সাংবাদিক মনির হায়দার।
তাঁদের মধ্যে জাহেদ উর রহমান বলেন, ডলারকে কেন্দ্র করে দেশে যে সংকট তৈরি হয়েছে, তার পুরোটাই রাজনৈতিক সিদ্ধান্তের কারণে। এখন বিকল্প মুদ্রায় যাওয়ার যে পন্থায় যাচ্ছে সরকার, এতে ডলার–সংকট আরও বাড়তে পারে।