
গ্রামীণ কল্যাণের সাবেক ১০৬ কর্মী শ্রমিক কল্যাণ তহবিল ও শ্রমিক অংশগ্রহণ তহবিল থেকে মুনাফা পাওয়ার অধিকারী বলে শ্রম আপিল ট্রাইব্যুনালের দেওয়া রায়ে ছয় মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে শ্রম আপিল ট্রাইব্যুনালের ওই রায় কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন আদালত।
একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান।
গ্রামীণ কল্যাণের সাবেক ১০৬ কর্মী শ্রমিক কল্যাণ তহবিল ও শ্রমিক অংশগ্রহণ তহবিল থেকে মুনাফা (২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত) পেতে শ্রম আইনের ২৩১ ধারায় শ্রম আপিল ট্রাইব্যুনালে মামলা (ব্যাখ্যামূলক) করেন। এর পরিপ্রেক্ষিতে গত ৩ এপ্রিল শ্রম আপিল ট্রাইব্যুনাল ওই রায় দেন। এর বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক রিটটি করেন। আদালতে রিটের শুনানিতে ছিলেন আইনজীবী এ এফ হাসান আরিফ ও আবদুল্লাহ আল মামুন।
পরে আইনজীবী আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ‘শ্রম আইনের ২৩১ ধারা অনুসারে মালিক ও শ্রমিকের মধ্যে কোনো চুক্তি হলে বা অ্যাওয়ার্ড বিষয়ে মতপার্থক্য হলে—এর ব্যাখ্যার জন্য সরাসরি শ্রম আপিল ট্রাইব্যুনালে প্রতিকার চাওয়া যাবে। ২০০৬ সালের আইনে শুধুমাত্র শিল্প সম্পর্কিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ওই মুনাফা দেওয়ার বাধ্যবাধকতা আছে। তবে কোম্পানি আইনের ২৮ ধারা অনুসারে গ্রামীণ কল্যাণ রেজিস্ট্রিকৃত একটি অলাভজনক প্রতিষ্ঠান। এমনকি এটি শ্রম আইন অনুসারে শিল্প সম্পর্কিত প্রতিষ্ঠানও নয়।’
এই আইনজীবী জানান, ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত ওই কর্মীরা চাকরিতে ছিলেন। ২০১৩ সালের সংশোধিত শ্রম আইনে সব প্রতিষ্ঠানের কর্মীকে মুনাফা দেওয়ার বিধান রাখা হলেও এর ভূতাপেক্ষ (২০১৩ সালের আগে) কার্যকারিতা দেওয়া হয়নি। যে কারণে ২০০৬ ও ২০১৩ সালের আইন অনুসারে তাঁরা ওই মুনাফা পাওয়ার অধিকারী নন। অথচ ২০০৬ সাল থেকে ওই কর্মীরা শ্রমিক কল্যাণ তহবিল ও শ্রমিক অংশগ্রহণ তহবিলের মুনাফা পাওয়ার অধিকারী বলে শ্রম আপিল ট্রাইব্যুনাল রায় দিয়েছেন। যে কারণে রিটটি করা হয়।