পবিত্র ঈদুল ফিতরে এবার ছুটি ছিল পাঁচ দিন। গতকাল রোববার ছুটি শেষে আজ সোমবার খুলেছে অফিস–আদালত। ঈদের ছুটি শেষে বন্দরনগরী চট্টগ্রামে ফিরতে শুরু করেছেন অনেকে। তবে আজ নগরীর রেলস্টেশন ও বাস টার্মিনালগুলো ঘুরে তেমন একটা ভিড় দেখা গেল না। নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোও ছিল বেশ ফাঁকা।
দুপুরে নগরের এ কে খান এলাকায় দেখা যায়, দূরপাল্লার বাস নগরে প্রবেশ করছে। যাত্রীরা ঈদের ছুটি কাটিয়ে নগরে ফিরছেন। এমন একজন আবদুল মোতালেব। তাঁর বাড়ি রাজধানীর মোহাম্মদপুরে। কাজ করেন চট্টগ্রামের একটি বেসরকারি ব্যাংকে। স্ত্রী ও দুই সন্তান নিয়ে বেলা একটার দিকে তিনি চট্টগ্রাম নগরে আসেন। গাড়ি থেকে নেমে এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে আবদুল মোতালেব বলেন, পথে তেমন একটা ভোগান্তি হয়নি। যানজটও কম। দ্রুত চলে এলেন।
এ কে খান এলাকায় কথা হয় চাল ব্যবসায়ী সাইমুল হকের সঙ্গে। তাঁর বাড়ি নোয়াখালীর চৌমুহনীতে। সাইমুল হক বলেন, বাড়তি ভাড়া ছাড়া পথে আর কোনো ভোগান্তি পোহাতে হয়নি তাঁকে। গাড়ি পেতেও কষ্ট হয়নি। সাধারণত নোয়াখালী থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা বিভিন্ন পরিবহনের ভাড়া ৩০০ থেকে ৩৫০ টাকা। কিন্তু ঈদ উপলক্ষে ভাড়া কিছুটা বেশি গুনতে হচ্ছে। সাইমুল হক এসেছেন জোনাকি পরিবহন নামের একটি বাসে। ভাড়া দিতে হয়েছে ৪০০ টাকা।
অন্যদিকে দুপুরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে গিয়েও তেমন ভিড় চোখে পড়েনি। রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ১০ জোড়া আন্তনগর ও চার জোড়া মেইল ট্রেন যাওয়া-আসা করছে। রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক আবিদুর রহমান প্রথম আলোকে বলেন, প্রতিটি ট্রেনই আজ সময়মতো ছেড়ে গেছে ও যথাসময়ে পৌঁছেছে।
ঈদের ছুটি শেষে সরকারি সব অফিস-আদালত, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান খুললেও এসব জায়গায় মানুষের ভিড় তেমন দেখা যায়নি। নগরের রাস্তাঘাটও ছিল ফাঁকা। জিইসি, আগ্রাবাদ, মুরাদপুর, নিউমার্কেটসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোয় তেমন যানজট ছিল না। কোনো কোনো রাস্তায় গাড়ি চলাচল ছিল একেবারে কম।