
সামগ্রিকভাবে ২০২৩-২৪ সালে প্রস্তাবিত বাজেটের আকার মোটেই বড় নয়। আকার ছোট হলেও বাজেটের বাস্তবায়নই চ্যালেঞ্জের বিষয়। প্রস্তাবিত বাজেটে স্মার্ট বাংলাদেশ গড়ার অনেক রূপকল্পের কথা বলা হয়েছে। তবে কোনো বিষয়েই সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার প্রস্তাবিত বাজেট পরবর্তী এক আলোচনা সভায় এসব অভিমত জানিয়েছেন বক্তারা। ‘পোস্ট বাজেট ডায়ালগ ফিসকাল ইয়ার ২০২৩-২৪’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করেছে ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক বিজনেস অ্যান্ড ইকোনমিকস ফোরাম।
আলোচনা সভায় ব্র্যাক বিজনেস স্কুলের অধ্যাপক এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ‘সামগ্রিকভাবে বাজেটের আকার মোটেই বড় নয়। জিডিপির আনুপাতিক হারে বাজেট ১৫ দশমিক ২ শতাংশ। আকার ছোট হলেও বাজেটের বাস্তবায়নই চ্যালেঞ্জের বিষয়।’
এ ছাড়া জনগণের ওপর করের হার না বাড়িয়ে করের আওতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ। তিনি বলেন, ‘বর্তমানে যে পরিমাণ টিআইএন (করদাতা শনাক্তকরণ নম্বর) রয়েছে, কর দেয় এর চেয়ে অনেক কম। এ ক্ষেত্রে টিআইএনধারীদের কর নিশ্চিত করতে হবে। অর্থাৎ, করের হার না বাড়িয়ে আওতা বাড়াতে হবে।’
প্রস্তাবিত বাজেটে স্মার্ট বাংলাদেশ গড়ার অনেক রূপকল্পের কথা বলা হয়েছে। আছে নানা অর্জন আর প্রত্যাশার কথা আছে। কিন্তু কোনো বিষয়েই সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ।
সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ব্যক্তি করমুক্ত আয়ের সীমা, যেটা সাড়ে ৩ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে, সেটা ঠিক আছে। কিন্তু ২ হাজার টাকা, যা ন্যূনতম কর ধরা হয়েছে, এটা কেন? রিটার্ন দিলেই ২ হাজার টাকা দিতে হবে, এটাকে আমার সাংঘর্ষিক মনে হচ্ছে।’
আলোচনা সভায় আইপিডিসি ফিন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মোমিনুল ইসলাম বলেন, ‘অবশ্যই আমরা রাস্তা-ঘাটসহ দেশের অবকাঠামোগত উন্নয়ন চাই। সেই সাথে একটি সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য দেশে সুশাসন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিচার ব্যবস্থার উন্নতিসহ একটি ব্যবসা সহায়ক পরিবেশও চাই।’
সরকারি খাত যেহেতু সব সময়ই রাজস্ব সংগ্রহে সরকারকে বিভিন্নভাবে সহায়তা করে থাকে তাই ব্যবসা-বাণিজ্য করতে গিয়ে কেউ যেন হয়রানির শিকার না হন এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো যাতে সরকারের কাছ থেকে সহায়তা পায় তা নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধ জানান মোমিনুল ইসলাম।
বাজেট পরবর্তী আলোচনায় রাজস্ব আদায়ের ক্ষেত্রে ডিজিটালাইজেশনের গুরুত্ব, কার্যকরভাবে রাজস্ব আদায়ের কৌশল এবং আয়কর আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন স্নেহাশিষ মাহমুদ অ্যান্ড কোং-এর অংশীদার স্নেহাশিষ বড়ুয়া।