
সঠিক নাম পণ্যকে আলাদা করে, ভোক্তাদের মনে জায়গা করে নেয় আর ব্র্যান্ডকে দীর্ঘস্থায়ী করে। সেই অনুসারে যদি কোনো পণ্যের নামকরণ হয় প্রিয় তারকার নামে, তাহলে সেটা ভক্তদের কাছে স্বাভাবিকভাবেই আলাদা আকর্ষণ তৈরি করে। এ ভাবনা থেকে দক্ষিণ এশীয় লাইফস্টাইল ব্র্যান্ড জে ডট (J.) তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করেছে বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদকে। তাঁদের ব্যক্তিত্ব, মাঠের পারফরম্যান্স ও পরিচিতিকে মাথায় রেখে তৈরি হয়েছে বিশেষ দুটি সুগন্ধি সিরিজ।
মুশফিকুর রহিমের দীর্ঘদিনের জার্সি নম্বর ১৫, যা তাঁর পরিচয়েরই অংশ। সেটিকেই বাছাই করা হয়েছে পারফিউমের নাম হিসেবে। এ ক্রিকেটারের নামে বাজারে এসেছে ‘এমআর১৫’ (MR15) ও ‘এমআর১৫ বোল্ড’ (MR15 Bold)। অন্যদিকে গতিময় বোলিং আর আগ্রাসী বাউন্সারের জন্য পরিচিত তাসকিন আহমেদের পারফিউমের নাম রাখা হয়েছে ‘স্ট্রাইক’ (Strike) ও ‘স্ট্রাইক প্রাইড’ (Strike Pride), যা এ ক্রিকেটারের মাঠের পারফরম্যান্সকেই প্রতিফলিত করে।
ক্রিকেটার তাসকিন আহমেদের নামে তৈরি পারফিউম বোতলের নকশাতেই রাখা হয়েছে ক্রিকেটের প্রতীকী উপাদান। উচ্ছ্বাস প্রকাশ করে তাসকিন আহমেদ বলেন, ‘নকশা আমার পছন্দ হয়েছে। আমি একজন ফাস্ট বোলার। সেটা মাথায় রেখে স্ট্রাইক ও স্ট্রাইক প্রাইড পারফিউমের বোতল দুটির মাঝখানে দুটি ক্রিকেট বল আছে। দুই ফ্লেভারের দুই পারফিউমের একটা বোতলে লাল বল, আরেকটায় সাদা বল। এ ভাবনা চমৎকার। আর পারফিউম দুটি যে দামে পাওয়া যাচ্ছে, আশা করি দামে ও মানে আমার ভক্তদের পছন্দ হবে।’
‘এমআর১৫’ ও ‘এমআর১৫’ বোল্ড নিয়ে মুশফিকুর রহিম বলেন, ‘সুগন্ধির ফ্লেভার বাছাইয়ে আমি নিজেও যুক্ত ছিলাম। ভালো লেগেছে, জে ডট আমার নামের পারফিউম দুটির ফ্লেভার ঠিক তেমনই করেছে, যেমন আমার পছন্দ। জে ডট ব্র্যান্ডকে ধন্যবাদ ভিন্ন রকম ভাবনা ও নকশা নিয়ে কাজ করার জন্য।’
বাংলাদেশের ক্রিকেট তারকাদের নামে পারফিউম তৈরি করতে পেরে আনন্দিত জে ডট গ্রুপের চেয়ারম্যান, স্বত্বাধিকারী ও প্রধান নির্বাহী কর্মকর্তা সোহাইল হামিদ খান। তিনি বলেন, ‘বাংলাদেশের তারকাদের নামে তৈরি এই সুগন্ধিগুলো জে ডটের সংগ্রহের অন্যতম সংযোজন। পাশাপাশি বাংলাদেশি পারফিউমপ্রেমীদের কাছে এগুলো সমাদৃত হবে বলেই আমার বিশ্বাস।’
শুধু বাংলাদেশি তারকাদের নয়, দক্ষিণ এশিয়ার ক্রীড়া তারকা ওয়াসিম আকরাম, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক ও সানিয়া মির্জার নামেও বিশেষ সুগন্ধি বাজারে এনেছে জে ডট। বর্তমানে পুরুষ, নারী, ইউনিসেক্স, উড, আতর মিলিয়ে শতাধিক সুগন্ধির সমৃদ্ধ সংগ্রহ রয়েছে ব্র্যান্ডটির।
জে ডট কেবল পারফিউমেই সীমাবদ্ধ নয়। পোশাক, গয়না, প্রসাধনীসহ বিভিন্ন লাইফস্টাইল পণ্যে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে ব্র্যান্ডটি। ২০০২ সালে পাকিস্তানি শিল্পী, টেলিভিশন ব্যক্তিত্ব, ফ্যাশন ডিজাইনার জুনায়েদ জামশেদের হাত ধরে যাত্রা শুরু হয় ব্র্যান্ডটির। বাংলাদেশসহ বর্তমানে বিশ্বের প্রায় ১৫০টি দেশে বিস্তৃত এর কার্যক্রম। বনানী, ধানমন্ডি ও উত্তরা—এই তিনটি আউটলেটের মাধ্যমে ক্রেতারা সুযোগ পাচ্ছেন সরাসরি জে ডটের পণ্য কেনার।
তারকার ব্যক্তিত্বকে সুগন্ধিতে রূপ দেওয়া—এটি নিছক বিপণন কৌশল নয়, বরং ভক্তদের আবেগের সঙ্গে ব্র্যান্ডের সংযোগ তৈরির এক অভিনব প্রয়াস। মুশফিকের স্থিরতা আর তাসকিনের গতি—দুই ভিন্ন ক্রিকেট চরিত্র এখন ধরা দিচ্ছে ‘এমআর১৫’, ‘এমআর১৫ বোল্ড’, ‘স্ট্রাইক’ ও ‘স্ট্রাইক প্রাইড’ সুগন্ধির বোতলে। ফলে মাঠের পারফরম্যান্সের বাইরে, নতুন এক অভিজ্ঞতায় প্রিয় তারকাদের আরও কাছে পাওয়ার সুযোগ পাচ্ছেন ভক্তরা।