মা-বাবাহারা মেয়েদের হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী তুলে দেন আমরা বিএনপি পরিবারের সদস্যরা। দোহার, ঢাকা। ২ অক্টোবর ২০২৬
মা-বাবাহারা মেয়েদের হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী তুলে দেন আমরা বিএনপি পরিবারের সদস্যরা। দোহার, ঢাকা। ২ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর সহায়তা-উপহার পেল মা–বাবা হারানো দোহারের সেই পাঁচ মেয়ে

প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর ঢাকার দোহারের মা-বাবাহারা সেই পাঁচ মেয়ের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’–এর একটি প্রতিনিধিদল অসহায় পরিবারটির খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের হাতে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী পৌঁছে দিয়েছে।

আজ শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক।

গত ২৯ সেপ্টেম্বর প্রথম আলো অনলাইনে ‘এক মাসের ব্যবধানে মা–বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভাবের সংসারে পাঁচ মেয়ের কী হবে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামে সংসারের তীব্র অভাব–অনটনের কারণে কৃষক স্বামীর ওপর অভিমান করে আত্মহত্যা করেন ফরিদা বেগম। স্ত্রীর মৃত্যুর এক মাস পর ২৯ সেপ্টেম্বর দুপুরে তালাবদ্ধ বসতঘর থেকে স্বামী আবুল কালাম আজাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এই কৃষক দম্পতি পাঁচ বছর বয়সী এক কন্যাসন্তানসহ মোট পাঁচ মেয়ে রেখে যান। তাদের মধ্যে একজনের বিয়ে হলেও মা-বাবাকে হারিয়ে অভাবের সংসারে বাকি মেয়েদের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তায় পড়ে।

ওই প্রতিবেদনের শিরোনাম উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, প্রতিবেদনটি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য প্রতিনিধিদল পাঠানোর নির্দেশ দেন। সে নির্দেশনা অনুযায়ী আজ ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দোহারের রাধানগর গ্রামে ওই প্রয়াত কৃষক দম্পতির বাড়িতে যায়। প্রতিনিধিদলটি স্বজন ও এতিম পাঁচ কন্যার সঙ্গে কথা বলে এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী তুলে দেয় তাদের হাতে।

সেখানে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব মোকছেদুল মোমিন সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতা ও সহযোগিতার বার্তা নিয়ে আমরা আজ এখানে এসেছি। এমন অসহায় ও বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশা আল্লাহ।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান, বুয়েট শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ প্রমুখ।