আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পরীক্ষা পর্ব শেষ, ফলাফলের অপেক্ষা

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ থেকে অংশ নেওয়া প্রতিযোগীরা
 ছবি: লেখক

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) ৬৩তম পরীক্ষার পর্ব শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার নরওয়ের স্থানীয় সময় সকাল সাড়ে আটটা থেকে বেলা একটা পর্যন্ত টানা সাড়ে চার ঘণ্টা পরীক্ষা চলে।

অসলো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্র সিলোরভিয়েন–২ হলে এ পরীক্ষা হয়। দ্বিতীয় দিনের পরীক্ষায় কম্বিনেটরিকস, সংখ্যাতত্ত্ব ও জ্যামিতির ওপর তিনটি গাণিতিক সমস্যা সমাধান করেন প্রতিযোগীরা। একইভাবে সোমবার প্রথম দিনের পরীক্ষায় তিনটি সমস্যা সমাধান করতে হয়েছিল। সব মিলিয়ে ছয়টি সমস্যা সমাধান করতে দেওয়া হয়েছে দুই দিনে।

আজ বুধবার থেকে উত্তরপত্রের মূল্যায়ন করা হবে। প্রতিটি উত্তরপত্র আলাদাভাবে প্রতিযোগী দেশের দলনেতা ও আয়োজকদের পক্ষে একদল মূল্যায়নকারী মূল্যায়ন করবেন। এরপর উভয় পক্ষের সম্মতিতে প্রাপ্ত নম্বর চূড়ান্ত করা হবে। ১৫ জুলাই ফলাফল ঘোষণার মাধ্যমে সমাপ্তি ঘটবে এবারের আয়োজনের।

গত রোববার নরওয়ের স্থানীয় সময় বেলা তিনটায় অসলো কনসার্ট হলে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের আসরের সূচনা হয়।