
খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেটে সিটি করপোরেশন নির্বাচনের আচরণবিধির যথাযথ প্রয়োগ ও প্রতিপালন নিশ্চিত করতে সংশ্লিষ্ট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার ইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসি বলেছে, আগামী ১২ জুন খুলনা ও বরিশাল সিটি করপোরেশন এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন হবে। ঘোষিত তফসিল অনুসারে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ যথাযক্রমে ১৬ মে ও ২৩ মে। নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনো কোনো প্রার্থীর মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা বা শোডাউন করার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। এ বিষয়ে সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালার সংশ্লিষ্ট বিধিগুলো স্মরণ করিয়ে দেওয়া হয়।
আচরণবিধিমালায় বলা আছে, মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনো মিছিল কিংবা শোডাউন করা যাবে না। প্রার্থী পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন না। নির্বাচনের আগে কোনো ধরনের মিছিল বা শোডাউন করা যাবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের পূর্বশর্ত নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনগুলোতে নির্বাচনী এলাকায় আচরণবিধির যথাযথ প্রয়োগ ও প্রতিপালন নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপাররা যথাযথ দায়িত্ব পালন করবেন।