
বাংলাদেশে প্রথমবারের মতো ডেটা সায়েন্সে স্নাতক প্রোগ্রামের অনুমোদন পেয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ। ২০২৩ সালের ফল সেমিস্টারে ক্লাস শুরু হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভাগটি ইতিমধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন জিপিউভিত্তিক কম্পিউটিং সুবিধা স্থাপন করেছে, যা নিয়মিত পরীক্ষাগার এবং অন্যান্য সুবিধার পাশাপাশি প্রোগ্রামটি সফলভাবে চালানোর জন্য অতীব প্রয়োজনীয়। এই বিভাগের শিক্ষকদের মেশিন লার্নিং, ডিপ লার্নিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকসে প্রাতিষ্ঠানিক ডিগ্রি ও অভিজ্ঞতা রয়েছে।
ইউআইইউর উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. আবুল কাশেম মিয়া বলেন, ‘সামনের দিনের চ্যালেঞ্জ হলো স্নাতকদের কম্পিউটিং এবং ডেটা অ্যানালাইসিসে দক্ষ করে তোলা। স্মার্ট বাংলাদেশের জাতীয় পথ পরিক্রমায় এই দক্ষতা ডেটা-চালিত নেতৃত্বের সহায় হবে। আমরা বিশ্বাস করি, এই নতুন অনুমোদিত প্রোগ্রামের গ্র্যাজুয়েটরা এই প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করবে।’
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক সালেকুল ইসলাম বলেন, ‘ডেটা সায়েন্স অদূর ভবিষ্যতে সবচেয়ে চাহিদাপূর্ণ বিষয় হবে। দেশে ও বিদেশে অসংখ্য চাকরির সুযোগ তৈরি হবে। ইউআইইউর সিএসই বিভাগ সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে। আমরা সেরা গ্র্যাজুয়েট তৈরি করতে আত্মবিশ্বাসী। তারা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিংয়ের বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশকে নেতৃত্ব দেবে।’