৩৯ দিন আইসিইউতে, হুইলচেয়ারে বিসিএস—যুদ্ধজয়ী এক মিনার

একমাত্র সন্তান কোলে মিনার উদ্দিন–খাইরুন নাসরিন দম্পতি
ছবি: সংগৃহীত

মিনার উদ্দিনের শরীরে এ পর্যন্ত অস্ত্রোপচার হয়েছে মোট ১৯টি। ৩৯ দিন থাকতে হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। তাঁর ডান হাত ও ডান পা কেটে ফেলতে হয়েছে। বাঁ পায়ে আছে ১২টি লোহার দণ্ড। এ নিয়েই চলছে মিনারের জীবন।

তবে মিনার কিন্তু থেমে যাননি। আজ রোববার মুঠোফোনে কথা বলার সময় জানালেন, চট্টগ্রামে গ্রামের বাড়িতে সোমবার তাঁর তিন মাস ১০ দিন বয়সী ছেলের আকিকা হবে। একই সঙ্গে ভাইয়ের বিয়ের আনুষ্ঠানিকতা চলছে। কৃত্রিম দুটো পা আর এক হাতেই সামলে নিতে হচ্ছে সবকিছু।

এমনই এক ঈদের ছুটিতে বাড়ি গিয়ে জীবনটাই পাল্টে গেছে মিনারের। ৩৬তম বিসিএস লিখিত পরীক্ষা শেষ করে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন মিনার। ২০১৬ সালের ১৩ সেপ্টেম্বর রাত ১১টায় বাড়ির পাশের একতলা দোকানের ছাদে ভাই-বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন। হঠাৎ দোকানটির ভবন-সংলগ্ন বিদ্যুতের তারের সঙ্গে ডান হাত লেগে যায়। পুরো শরীরে আগুন ধরে যায়। এ সময় পুরো গ্রামের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় মিনার ছিটকে মাটিতে পড়েন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট, ভারতের তামিলনাড়ুতে ক্রিশ্চিয়ান মেডিকেলে মাসের পর মাস চিকিৎসা চলে। চিকিৎসার সময় ২৮ থেকে ৩০ ব্যাগ রক্ত লেগেছে। শরীরের বিভিন্ন স্থানের চামড়া কেটে ২১টি পোড়া অংশে তা নতুন করে লাগানো হয়েছে। এখনো নিয়মিত পায়ে মলম লাগানোসহ চিকিৎসা ফলোআপে থাকতে হয় মিনারকে। কিন্তু মিনারের তো ব্যস্ততার শেষ নেই।

কৃত্রিম পা দিয়ে নতুন করে হাঁটতে শেখা মিনার ৩৬তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। হুইলচেয়ারে বসে মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ৩৬তম বিসিএসের পরিসংখ্যান কর্মকর্তা (নন-ক্যাডার) সুপারিশপ্রাপ্ত মিনার বর্তমানে মানিকগঞ্জ জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন। মাঠপর্যায়ের বিভিন্ন কাজে দৌড়ে বেড়াতে হচ্ছে তাঁকে।

সন্তান কোলে হাস্যোজ্জ্বল মিনার উদ্দিন

মিনার উদ্দিন বললেন, ‘বিসিএসে প্রথম পছন্দ ছিল পুলিশ। তবে হাত-পা নেই—এমন মানুষের তো আর পুলিশে চাকরি হবে না। এ নিয়ে এখন আর কোনো আফসোসও নেই। হাত-পা নেই এমন মানুষকে সাধারণত মাঠপর্যায়ের কাজে দায়িত্ব দিতে কর্তৃপক্ষ ভরসা পায় না। তবে আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা আমার ওপর ভরসা করেছেন।’

মিনার উদ্দিনের স্ত্রী খাইরুন নাসরিন (তামান্না) মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হিসেবে দায়িত্ব পালন করছেন। মিনার বললেন, ‘স্ত্রী মানিকগঞ্জে বদলি হলে দুজন প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম। কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে মানিকগঞ্জে বদলি করায় স্ত্রী-সন্তান নিয়ে একসঙ্গে থাকা সম্ভব হচ্ছে।’

মিনারের পুরো জীবন কাটছে একটার পর একটা যুদ্ধ জয় করে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইনে মিনারের বাড়ি। তাঁরা তিন ভাই ও এক বোন। মিনার দ্বিতীয়। বোনের বিয়ে হয়েছে। পেশায় গাড়িচালক বাবা ক্যানসারে মারা যান ২০০৭ সালে। বলতে গেলে টিউশনি করেই নিজের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি সংসারের হাল ধরতে হয় মিনারকে। এখন মানিকগঞ্জে স্ত্রী, সন্তান, মা আর এক ভাইকে নিয়ে মিনারের সংসার।

জীবনযুদ্ধের এ পর্যায়ে এসে কেমন আছেন জানতে চাইলে মিনার এক মুহূর্ত চিন্তা না করেই বললেন, ‘আমরা ভালো আছি। প্রতিনিয়ত ভালো থাকতে হবে—এ চ্যালেঞ্জ ছাড়া আমার জীবনে আর কোনো চ্যালেঞ্জ নেই।’

স্বপ্ন? হ্যাঁ, পুড়েছিল বটে, কিন্তু নিশ্চিহ্ন হতে দিইনি। আমার পরিবার, বন্ধু-পরিজন আর অজস্র মানুষের ভালোবাসাকে বুকে ধরে স্বপ্নের পথে হেঁটে গেছি আমি
মিনার উদ্দিন

জীবনযুদ্ধে টিকে থাকতে মিনার চারপাশ থেকে বন্ধু-স্বজনদের সহযোগিতা পেয়েছেন এবং পাচ্ছেন। ২০১৬ সালের ১৯ সেপ্টেম্বর ‘বিদ্যুৎস্পৃষ্টে পুড়েছে শরীর, পুড়বে স্বপ্নও?’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ধারাবাহিকভাবে আরও কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তখন প্রথম আলোর পাঠকসহ অনেকেই মিনার উদ্দিনের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসেন। তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তিনি।

একসময় হুলুস্থুল করে দিন পার করতেন মিনার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেছেন তিনি। ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তবিভাগীয় ফুটবল ও ক্রিকেটে চ্যাম্পিয়ন দলে ছিলেন। ফুটবল-অন্তঃপ্রাণ দুটো পা দিয়ে এখন আর ফুটবল খেলা সম্ভব নয়। কাজ করতে গিয়ে মিনার এখন প্রায় সময়ই ভুলে যান তাঁর হাত ও পা নেই। গত মাসেই পড়ে গিয়েছিলেন, তারপর কয়েক দিন বিছানায় কাটাতে হয়েছে। তবে মিনার বললেন, ‘এখন আর ব্যক্তিগত দুঃখবোধ নিয়ে হা-হুতাশ করি না; বরং কাছের বন্ধুদের কারও মন খারাপ থাকলে বা কোনো কারণে কষ্ট পেলে সেই কষ্ট ভুলতে তাঁরা আমার কাছে আসেন।’

মিনার তাঁর জীবনের গল্প বলতে গিয়ে বারবার মা রীনা আক্তার আর স্ত্রী খাইরুন নাসরিনের অবদানের কথা বলছিলেন। এই দুই নারী তাঁকে কখনো জীবনযুদ্ধে হারতে দেননি।

খাইরুন নাসরিন আর মিনার উদ্দিন আনোয়ারায় একই পাড়ায় থাকেন। তবে খাইরুন শহরে বড় হওয়ায় এইচএসসি পরীক্ষার পর মিনারের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়। একসময় দুজন দুজনকে ভালোবাসেন। খাইরুন বললেন, সেই এক যুগ আগে মিনারের সঙ্গে পরিচয় ও ভালো লাগার শুরু। সেই ভালো লাগার আবেশ রয়ে গেছে এখনো।

নিজ কার্যালয়ে দায়িত্ব সামলাচ্ছেন মিনার উদ্দিন

২০১৬ সালে মিনার যখন ৩৯ দিন আইসিইউতে ছিলেন, তখন এই দম্পতির বিয়ে হয়নি। তবে তাঁদের ভালোবাসার সম্পর্কটা সবাই জানতেন বলে খাইরুন সকাল থেকে শুরু করে রাত প্রায় ১০টা পর্যন্ত আইসিইউতে মিনারের পাশে থাকতেন। হাত নেই, পা নেই এমন একজনকে বিয়ে করতে চাইলে পরিবারের অনেকেই মত দেননি। তবে মেয়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে খাইরুনের মা-বাবা বিয়েতে সম্মতি দিয়েছিলেন।

খাইরুন বললেন, মিনার এক হাতেই সবকিছু সামলানোর চেষ্টা করেন। শারীরিক প্রতিবন্ধকতার কারণে যে কাজ করতে পারেন না, তা অন্যভাবে পুষিয়ে দেওয়ার চেষ্টা করেন।

অন্যদিকে এত প্রতিবন্ধকতার মধ্যেও কোথা থেকে সাহস পান এ প্রশ্নের উত্তরে মিনার বললেন, ‘বিয়ের আগে থেকেই খাইরুন আমাকে ভালো করার যুদ্ধ শুরু করেছিল। সেই সময়ই আইসিইউতে সে আমার পাশে ছিল। আমার স্ত্রীর জীবনেও অনেক চ্যালেঞ্জ এসেছে। সব ধাক্কা সামাল দিয়েই আমরা এখন খুব ভালো আছি। আর আমার মা আমার পুরো পরিবারটা আগলে রেখেছেন সব সময়।’

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ঢাকার বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্ম পরিচালক এইচ এম ফিরোজ প্রথম আলোকে বললেন, ‘মিনার উদ্দিন একজন দক্ষ কর্মকর্তা। তিনি কাজে খুব আন্তরিক। এ পর্যায়ে আসার পেছনে তাঁর মানসিক শক্তি কাজে লেগেছে। তাঁকে কোনো কিছু দমিয়ে রাখতে পারেনি। মাঠপর্যায়ে কাজ করায় তাঁর খুব আগ্রহ ছিল। এখন মাঠপর্যায়ে শারীরিক দুর্বলতা নিয়েও অন্যদের চেয়ে অনেক বেশি ভালো কাজ করছেন।

মিনারের স্ত্রী খাইরুন বললেন, মিনার এক হাতেই সবকিছু সামলানোর চেষ্টা করেন। শারীরিক প্রতিবন্ধকতার কারণে যে কাজ করতে পারেন না, তা অন্যভাবে পুষিয়ে দেওয়ার চেষ্টা করেন।

২০২০ সালের ১৪ মার্চ প্রথম আলোতে ‘তবু ইচ্ছাগুলো উঁকি দেয়’ শিরোনামের এক লেখায় মিনার তাঁর জীবনের গল্প বলেছেন, ‘যে হাত দিয়ে লিখতে চেয়েছিলাম স্বপ্নের চূড়ান্ত পাণ্ডুলিপি, সেই হাত আমি দেখি না কত দিন! আহা, আমার ফুটবলপ্রিয় পা; দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল আলগোছে। কিন্তু স্বপ্ন? হ্যাঁ, পুড়েছিল বটে, কিন্তু নিশ্চিহ্ন হতে দিইনি। আমার পরিবার, বন্ধু-পরিজন আর অজস্র মানুষের ভালোবাসাকে বুকে ধরে স্বপ্নের পথে হেঁটে গেছি আমি।’

আজ মুঠোফোনে আলাপে মিনার উদ্দিন প্রথম আলোকে বললেন, ‘এখন পান থেকে চুন খসলেই অনেকে আত্মহত্যা করছেন। সব থাকার পরও হতাশা থেকে মুক্ত হতে পারছেন না অনেকে। অথচ আমার বেঁচে থাকার আকুতিটা কত বেশি। আমার জীবনযুদ্ধটা দেখেও অন্যরা শিখতে পারেন।’