হয়রানিমূলক মামলা যাতে না হয়, সেই প্রস্তাব দেবে ইসি

সংসদ কাজে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন
ফাইল ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে সরকারের কোনো সংস্থা যাতে হয়রানিমূলক মামলা না করে, সেটিও নিশ্চিত করতে চায় তারা। এই লক্ষ্য অর্জনে সরকারের কাছে প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খানের প্রশ্নের জবাবে আজ বৃহস্পতিবার জাতীয় সংসদকে এসব তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক। তিনি সংসদ কাজে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

লিখিত বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক জানান, আগামী জাতীয় নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করার বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে ইসি। এই চ্যালেঞ্জ উত্তরণের উপায় হিসেবে  কিছু ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে তারা। এর মধ্যে রয়েছে সব দলের জন্য সমান সুযোগ তৈরিতে সরকারের কাছে প্রস্তাব রাখা এবং কোনো সংস্থা থেকে হয়রানিমূলক মামলা না করা।

আনিসুল হক জানান, ইসি যেসব সিদ্ধান্ত নিয়েছে, তার মধ্যে রয়েছে সব রাজনৈতিক দল যাতে নির্বাচনী প্রচার নির্বিঘ্ন করতে পারে, সে বিষয়ে সরকারের কাছে প্রস্তাব রাখা। সরকারের কোনো সংস্থা থেকে হয়রানিমূলক মামলা না করা। প্রার্থী, সমর্থক, তাঁদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে আক্রমণ না করা এবং এমন কিছু হলে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার ও বৈধ অস্ত্র জমা নেওয়া।

ইসির নেওয়া সিদ্ধান্তের মধ্যে আরও রয়েছে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানের সঙ্গে সভা অনুষ্ঠান এবং নির্বাচনে তারা যেন আন্তরিকতা ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান। ভোটকেন্দ্র এবং নির্বাচনী এলাকার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন। নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন এবং নির্বাচনী আচরণ বিধিমালার কোনো বিধি ভঙ্গকারীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য এক্সিকিউটিভ (নির্বাহী) ও জুডিশিয়াল (বিচারিক) ম্যাজিস্ট্রেট নিয়োগ। গণপ্রতিনিধিত্ব আদেশ এবং নির্বাচনী আচরণবিধিতে প্রয়োজনীয় সংশোধন। যোগ্য ও নিরপেক্ষ ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ এবং নির্বাচন পর্যবেক্ষণেরে জন্য দেশি-বিদেশি পর্যবেক্ষক নিয়োগসহ বিধিসম্মতভাবে প্রয়োজনীয় সব সিদ্ধান্ত গ্রহণ।

ইতিমধ্যে নির্বাচন কমিশন বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ করেছে জানিয়ে আইনমন্ত্রী সংসদকে বলেন, সংবিধান, আরপিও (জাতীয় নির্বাচনসংক্রান্ত আইন বা গণপ্রতিনিধিত্ব আদেশ) সংক্রান্ত মতবিনিময় সভার আলোচনা, প্রচলিত বিভিন্ন আইন ও বাস্তবতার নিরিখে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন তৎপর রয়েছে।

আইনমন্ত্রী জানান, নির্বাচন কমিশন সব নিবন্ধিত রাজনৈতিক দলকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে আগ্রহ ব্যক্ত করে এসেছে। নির্বাচনের ফলাফল যাতে ভোটার ও অধিকাংশ রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য বলে প্রতীয়মান হয়।

মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সব প্রার্থীর প্রতি সম-আচরণ, নির্বাচন কমিশনের অধিকসংখ্যক যোগ্য কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ, নিরপেক্ষ প্রিসাইডিং-সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ, নির্বাচনের দায়িত্ব পালনকারী কারও বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠলে প্রমাণ সাপেক্ষে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া এবং নির্বাচনী আইন ও বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেবে ইসি।