চট্টগ্রামের মিরসরাইয়ে যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। শনিবার বিকেল সাড়ে চারটায় উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মঘাদিয়া মিয়াপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় বহরের কয়েকটি গাড়ি ভাঙচুর করেন হামলাকারীরা। হামলায় নিয়াজ মোর্শেদের দুই সমর্থক চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সদস্য আফছারুল শাহীন ও যুবলীগ কর্মী মোহাম্মদ আলী আহত হয়েছেন। এ ঘটনার জের ধরে হামলাকারীদের উদ্দেশ্যে গুলি ছোড়া হয় যুবলীগ নেতার গাড়িবহর থেকে।
যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের প্রয়াত এক প্রবীণ নেতার কবর জিয়ারত করে ফেরার পথে সড়কে ট্রাক রেখে তাঁর গাড়ির গতিরোধ করা হয়। এ সময় মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে অর্ধশতাধিক ব্যক্তি তাঁর গাড়িবহরে হামলা করেন।
হামলার বিষয়ে মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বলেন, ‘নিয়াজ মোর্শেদ বিএনপি–জামায়াত ঘরানার লোক। তাঁর লোকজন পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করেছে। আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছে।’
গাড়িবহর থেকে গুলি করা প্রসঙ্গে জানতে চাইলে নিয়াজ মোর্শেদ বলেন, ‘আত্মরক্ষার্থে আমার গানম্যান বৈধ আগ্নেয়াস্ত্র থেকে ফাঁকা গুলি ছুড়েছে। তা না হলে ওরা আমাকে মেরে ফেলত।’
মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া বলেন, চট্টগ্রামের জামালখানে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে আবুতোরাব এলাকায় আওয়ামী লীগের সমাবেশে নিয়াজ মোর্শেদের গাড়িবহর থেকে হামলা করা হয়। হামলা প্রতিহত করতে গেলে নিয়াজ মোর্শেদ নিজেই চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের ওপর গুলি ছোড়েন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন প্রথম আলোকে বলেন, নিয়াজ মোর্শেদ মঘাদিয়ার মিয়াপাড়া এলাকায় জনসংযোগে গেলে স্থানীয় কিছু লোকজন তাঁর গাড়িতে ইটপাটকেল ছোড়েন। এ সময় তাঁর পক্ষের লোকজন কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এটি বৈধ অস্ত্র কি না, তা খতিয়ে দেখা হবে।