শপথ নিচ্ছেন নতুন মন্ত্রিসভার মন্ত্রীরা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, ঢাকা; ১৭ ফেব্রুয়ারি ২০২৬
শপথ নিচ্ছেন নতুন মন্ত্রিসভার মন্ত্রীরা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, ঢাকা; ১৭ ফেব্রুয়ারি ২০২৬

মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন আজ মঙ্গলবার। সাধারণত বঙ্গভবনে মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হলেও এবার সেই প্রথা ভেঙে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে আয়োজন করা হয় শপথ অনুষ্ঠান। এর মধ্য দিয়ে নির্বাচিত সরকারের যাত্রা শুরু হলো।

প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে পদের শপথ ও গোপনতার শপথ পাঠ করান। প্রধানমন্ত্রীর শপথের পর রাষ্ট্রপতি প্রথমে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং পরে ২৪ জন প্রতিমন্ত্রীকে পদের শপথ ও গোপনতার শপথ পাঠ করান।

বিএনপি ও সরকারি সূত্রগুলো বলেছে, ইতিমধ্যে নতুন মন্ত্রীদের মধ্যে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, সেটি চূড়ান্ত করা হয়েছে। যদিও এ প্রতিবেদন লেখা পর্যন্ত দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন পাওয়া যায়নি।

তবে কোনো কোনো মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে নাম উল্লেখ করে জানিয়েছে, তাদের মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা আগামীকাল মন্ত্রণালয়ে অফিস করবেন। যেমন সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমীন মন্ত্রণালয়ে অফিস করবেন। তাঁরা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবেন। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ ছাড়া কোনো কোনো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নতুন মন্ত্রীদের নামও উল্লেখ করা হয়েছে। যেমন স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইটে মন্ত্রী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রতিমন্ত্রী হিসেবে মীর শাহে আলমের নাম আছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নতুন মন্ত্রী হিসেবে আফরোজা খানম ও প্রতিমন্ত্রী হিসেবে এম রশিদুজ্জামান মিল্লাতের নাম উল্লেখ করা হয়েছে। একইভাবে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে শেখ রবিউল আলমের নাম উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া বিএনপির ফেসবুক পেজেও নতুন মন্ত্রীদের অনেকের মন্ত্রণালয়ের নাম উল্লেখ করা হয়েছে।

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শপথ ফরমে সই করেন ডান থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ।

কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন

সরকারি সূত্র ও বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া তথ্য অনুযায়ী, পূর্ণ মন্ত্রীদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; আমীর খসরু মাহমুদ চৌধুরী অর্থ ও পরিকল্পনা; সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র; ইকবাল হাসান মাহমুদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়; এ জেড এম জাহিদ হোসেন নারী ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়; খলিলুর রহমান (টেকনোক্র্যাট) পররাষ্ট্র; আবদুল আওয়াল মিন্টু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ধর্ম; মিজানুর রহমান মিনু ভূমি; নিতাই রায় চৌধুরী সংস্কৃতি; খন্দকার আবদুল মুক্তাদির বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়; আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান; জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার; মোহাম্মদ আমিন উর রশীদ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য; আফরোজা খানম বেসামরিক বিমান ও পর্যটন; শহীদ উদ্দীন চৌধুরী পানিসম্পদ; আসাদুল হাবীব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; মোহাম্মদ আসাদুজ্জামান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়; জাকারিয়া তাহের গৃহায়ণ ও গণপূর্ত; দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়; আ ন ম এহসানুল হক মিলন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়; সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা; ফকির মাহবুব আনাম ডাক ও টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং শেখ রবিউল আলম সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন।

শপথ নিচ্ছেন নতুন মন্ত্রিসভার প্রতিমন্ত্রীরা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, ঢাকা; ১৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিমন্ত্রীদের মধ্যে কারা কোন মন্ত্রণালয়ে

সরকারি সূত্র ও বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিমন্ত্রীদের মধ্যে এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়; শরীফুল আলম বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়; শামা ওবায়েদ পররাষ্ট্র; সুলতান সালাউদ্দিন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য; কায়সার কামাল ভূমি; ফরহাদ হোসেন আজাদ পানিসম্পদ; আমিনুল হক (টেকনোক্র্যাট) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন।

মন্ত্রীদের শপথের পর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন ২৪ জন

এ ছাড়া মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক; হাবিবুর রশিদ সড়ক পরিবহন ও সেতু; মো. রাজিব আহসান রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়; মো. আবদুল বারী জনপ্রশাসন; মীর শাহে আলম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়; মো. জুনায়েদ আবদুর রহিম সাকি (জোনায়েদ সাকি) অর্থ ও পরিকল্পনা; ইশরাক হোসেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়; ফারজানা শারমীন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়; শেখ ফরিদুল ইসলাম পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও ধর্ম এবং আইন; মো. নুরুল হক নুর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার; এম ইকবাল হোসেইন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; এম এ মুহিত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; আহম্মদ সোহেল মঞ্জুর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়; ববি হাজ্জাজ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। বিএনপির ফেসবুক পেজে প্রতিমন্ত্রী অনেকের মন্ত্রণালয়ের উল্লেখ করা হয়েছে।