একপশলা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা

সকালের বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় নগরের বিভিন্ন জায়গায়। আজ বেলা একটায় চট্টগ্রাম নগরের বাদুরতলা এলাকায়
ছবি: জুয়েল শীল

সকালের ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আজ শনিবার সকালে এ জলাবদ্ধতা হয়। বেলা দুইটায়ও কিছু এলাকায় পানি জমেছিল।

এভাবে জলাবদ্ধতা হওয়ায় দুর্ভোগে পড়েছেন মানুষ। বিশেষ করে সকালে অফিসগামী লোকদের ভোগান্তি ছিল বেশি। চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনকাজের জন্য নগরের বিভিন্ন খালে বাঁধ দেওয়া হয়েছে। এতে পানিনিষ্কাশনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।
আজ সকাল সাতটার দিকে চট্টগ্রামে ভারী বৃষ্টি হয়। বাঁধের কারণে এ বৃষ্টির পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় তা রাস্তা ও অলিগলিতে জমে যায়। নগরের চকবাজার, বাদুড়তলা, কাপাসগোলাসহ বিভিন্ন এলাকায় গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত পানি জমে যায়। একই অবস্থা সৃষ্টি হয়েছিল মুরাদপুর এলাকায়।

শনিবার সকালে নগরের চকবাজার থেকে বহদ্দারহাটে যাচ্ছিলেন বেসরকারি চাকরিজীবী নিপুল কুমার দে। তিনি বলেন, কাপাসগোলা থেকে বহদ্দারহাটের পুলিশ বক্স পর্যন্ত রাস্তার ওপর হাঁটুপানি জমেছিল। এভাবে পানি জমে থাকার কারণে কষ্ট হয়েছে। যদি স্কুল-কলেজ খোলা থাকত, তাহলে মানুষের কষ্টের শেষ থাকত না। তারপরও সকালে বের হওয়া লোকজন কষ্ট পেয়েছে।

সকালের বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় চট্টগ্রাম নগরের বাদুরতলা এলাকায়

নিপুল কুমার দে অফিসে যেতে পারলেও তা পারেননি আবদুল হামিদ। চকবাজারের মোহাম্মদ আলী শাহ লেনের এ বাসিন্দা পাশের এলাকা বাকলিয়ায় চাকরি করেন। কিন্তু বাড়ির সামনে পানি জমে থাকায় ঘর থেকে বের হতে পারেননি তিনি। ক্ষোভ প্রকাশ করে বলেন, চাক্তাই খালে বাঁধ দেওয়া হয়েছে। এ জন্য পানি যেতে পারছে না। তাই সামান্য বৃষ্টিতে এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে। এ ভোগান্তি শুধু এ বছরেই নয়, বছরের পর বছর ধরে এই কষ্ট পাচ্ছেন তাঁরা।

সকালের বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় নগরের বিভিন্ন জায়গায়। বাদুরতলা এলাকা, চট্টগ্রাম

আবহাওয়া অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা দুপুরে বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সন্ধ্যার দিকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।